ঈদুল আজহা উপলক্ষে মুক্তি পাওয়া বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘বনলতা সেন’ মুক্তির দ্বিতীয় দিনেই দর্শকদের ব্যাপক সাড়া পাচ্ছে। রাজধানীর বসুন্ধরা সিটিতে অবস্থিত স্টার সিনেপ্লেক্সে শুক্রবার (২৯ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দেখা যায় টিকিটের জন্য দর্শকদের দীর্ঘ অপেক্ষা। অনেকে পরিবার নিয়ে সিনেমা দেখতে এসেও টিকিট না পেয়ে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন।
ঈদের ছুটিতে পরিবার-পরিজন নিয়ে প্রেক্ষাগৃহে আসা দর্শকদের উপস্থিতিতে পুরো পরিবেশ ছিল উৎসবমুখর। যারা সিনেমাটি দেখতে পেরেছেন, তাদের অনেকেই ছবিটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। দর্শকদের ভাষ্য, এ ধরনের ভিন্নধর্মী ও সাহিত্যনির্ভর সিনেমা দেশে আরও বেশি নির্মিত হওয়া প্রয়োজন।
সরকারি অনুদানপ্রাপ্ত এ চলচ্চিত্রটি প্রযোজনা করছে রেড অক্টোবর। সিনেমাটি নির্মাণ করেছেন মাসুদ হাসান উজ্জ্বল।
চলচ্চিত্রটির অন্যতম বড় আকর্ষণ এর ব্যতিক্রমধর্মী কাস্টিং। দীর্ঘদিন পর বড় পর্দায় প্রত্যাবর্তন করেছেন মাসুমা রহমান নাবিলা। তার মায়াবী উপস্থিতি ও অভিনয় ‘বনলতা সেন’ চরিত্রটিকে নতুন মাত্রা দিয়েছে বলে মনে করছেন দর্শকরা। অন্যদিকে কবি জীবনানন্দ দাশ চরিত্রে অভিনয় করেছেন বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসার।
এছাড়াও সিনেমাটির বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন গাজী রাকায়েত, সোহেল মণ্ডল, নাজিবা বাশার, প্রিয়ন্তী উর্বী, রূপন্তী আকিদ, শরীফ সিরাজ এবং সুমাইয়া খুশি।
সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করা অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা দর্শকদের অভূতপূর্ব সাড়া নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, আজ তো মাত্র দ্বিতীয় দিন, কিন্তু গতকালের চেয়েও আজ দর্শকদের রেসপন্স অনেক বেশি পাচ্ছি। মানুষ পরিবার নিয়ে হলে আসছেন, টিকিট না পেয়ে অনেকে ফিরে যাচ্ছেন, এটা একজন শিল্পীর জন্য যেমন আনন্দের, তেমনি কস্টের ও, ‘বনলতা সেন’ নিয়ে আমাদের সবার অনেক স্বপ্ন আর প্রত্যাশা ছিল। এখন দর্শকদের ভালোবাসা দেখে মনে হচ্ছে সেই প্রত্যাশার জায়গাটা সত্যিই পূরণ হচ্ছে। আমার কাছে এটি শুধু একটি সিনেমা নয়, বরং খুব আবেগের একটি কাজ। আমি বিশ্বাস করি, ‘বনলতা সেন’ আমার জীবনের সেরা এবং সবচেয়ে বিশেষ কাজগুলোর একটি হয়ে থাকবে।
বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় কবিতা ‘বনলতা সেন’-কে রূপকধর্মী আবহে বড় পর্দায় জীবন্ত করে তুলেছেন নির্মাতা। বাঙালির আবেগ, নিঃসঙ্গতা আর শান্তির প্রতীক হয়ে ওঠা এই সৃষ্টিকে ঘিরে দর্শকদের আগ্রহও চোখে পড়ার মতো। মুক্তির মাত্র দ্বিতীয় দিনেই টিকিট সংকট সেই জনপ্রিয়তারই ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।