• শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন

কলকাতার রাজপথে জয়া আহসান, মিছিল ঘিরে তুমুল আলোচনা

ডেস্ক নিউজ / ৪২ পঠিত
আপডেট : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

অভিনয় দিয়ে দুই বাংলার দর্শকের কাছে নিজের আলাদা অবস্থান তৈরি করেছেন জয়া আহসান। কাজের বাইরে সাধারণত রাজনৈতিক কিংবা সামাজিক কোনো কর্মসূচিতে তাকে খুব একটা দেখা যায় না। তবে এবার কলকাতার রাজপথে ব্যতিক্রমী এক উপস্থিতির কারণে আলোচনায় এসেছেন বাংলাদেশের এই অভিনেত্রী।

ভারতের স্বাধীনতা দিবসের আগের রাতে কলকাতায় নারীদের নিরাপত্তার দাবিতে আয়োজিত একটি মিছিলে অংশ নেন জয়া। পশ্চিমবঙ্গের মন্ত্রী অগ্নিমিত্রা পালের ডাকে আয়োজিত কর্মসূচিতে রাজনীতিক ও সাধারণ মানুষের পাশাপাশি অংশ নেন টালিউডের একাধিক পরিচিত মুখ।

মিছিলে জয়ার সঙ্গে দেখা যায় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, চৈতি ঘোষাল, সংগীতশিল্পী ইমন চক্রবর্তী, পৌষালীসহ আরও অনেককে। কর্মসূচির একপর্যায়ে অন্যদের সঙ্গে জয়া আহসানকেও ‘কারার ঐ লৌহ কপাট’ গানে কণ্ঠ মেলাতে দেখা যায়। মিছিলের ছবি ও ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এরপরই জয়ার অংশগ্রহণ নিয়ে শুরু হয় নানা আলোচনা। সামাজিক যোগাযোগমাধ্যমের একাংশ প্রশ্ন তোলে, বাংলাদেশের নাগরিক হয়ে তিনি কেন কলকাতার এমন কর্মসূচিতে অংশ নিলেন। অন্যদিকে অনেকে বিষয়টিকে ভিন্নভাবে দেখছেন। তাদের মতে, এটি কোনো রাজনৈতিক সমাবেশ নয়, বরং নারীদের নিরাপত্তার দাবিতে আয়োজিত একটি সামাজিক কর্মসূচি। সেই দাবির সঙ্গে সংহতি জানাতেই জয়া সেখানে উপস্থিত হয়েছেন।

মিছিলের উদ্দেশ্য ছিল কলকাতার রাতের রাজপথ নারীদের জন্য আরও নিরাপদ করার দাবি তুলে ধরা। সেই দাবিতে রাজনৈতিক ব্যক্তিত্ব, নারী বিধায়ক, চলচ্চিত্র ও সংগীত অঙ্গনের তারকা এবং সাধারণ মানুষ একসঙ্গে রাজপথে নামেন।

তবে বিষয়টি নিয়ে এখন পর্যন্ত সরাসরি কোনো মন্তব্য করেননি জয়া আহসান। সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ঘিরে তৈরি হওয়া প্রশংসা কিংবা সমালোচনা, কোনোটিরই প্রকাশ্য প্রতিক্রিয়া জানাননি এই অভিনেত্রী।

এদিকে অভিনয় নিয়েই ব্যস্ত সময় পার করছেন জয়া আহসান। সম্প্রতি ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা ‘আজও অর্ধাঙ্গিনী’। মুক্তির পর সিনেমাটি দর্শকদের কাছ থেকে ভালো সাড়া পেয়েছে। দুই বাংলায় একের পর এক কাজের মাধ্যমে নিজের অবস্থান শক্ত করার পাশাপাশি এবার সামাজিক একটি কর্মসূচিতেও উপস্থিত হয়ে নতুন করে আলোচনায় এলেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ