প্রবাসজীবনেও অভিনয়ের ব্যস্ততা থামেনি চিত্রনায়িকা মৌসুমীর। গত প্রায় তিন বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করলেও পরিবারকে সময় দেওয়ার পাশাপাশি নিয়মিত ক্যামেরার সামনেও দাঁড়াচ্ছেন তিনি। সেই ধারাবাহিকতায় এবার নতুন একটি থ্রিলারধর্মী সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন এই অভিনেত্রী।
‘আ বিউটিফুল লাই’ শিরোনামের চলচ্চিত্রটি রচনা ও পরিচালনা করবেন নঈম ইমতিয়াজ নেয়ামুল। শুরুতে এটি টেলিফিল্ম হিসেবে নির্মাণের পরিকল্পনা থাকলেও এখন পূর্ণদৈর্ঘ্য সিনেমা হিসেবে নির্মাণের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। বর্তমানে চিত্রনাট্য ডেভেলপের কাজ চলছে, শিগগিরই যুক্তরাষ্ট্রে শুরু হবে শুটিং।
মৌসুমী এর আগেও দেশে নেয়ামুলের পরিচালনায় কাজ করেছেন। এবার যুক্তরাষ্ট্রে বসেই নতুন এই প্রকল্পে আবারও এক হচ্ছেন তারা।
সিনেমাটি সম্পর্কে মৌসুমী বলেন, এটি মূলত একটি রোড ট্রিপভিত্তিক থ্রিলার। গল্পের সব ঘটনা একটি মিথ্যাকে কেন্দ্র করে এগোয়। তবু সেই মিথ্যার মাঝেও কিছু সুন্দর মুহূর্ত তৈরি হয়, আর সেখান থেকেই ‘আ বিউটিফুল লাই’ নামটি এসেছে। দর্শক একটি উপভোগ্য গল্প দেখতে পাবেন।