ভালোবাসার গল্পে অভিনয় করে দর্শকের নজর কেড়েছেন নাজনীন নিহা। এবার সেই ধারাবাহিকতায় নতুন একটি প্রেমের গল্প নিয়ে পর্দায় আসছেন এই অভিনেত্রী। নাটকের নাম ‘মনের মতো মন’। এতে তার বিপরীতে থাকছেন ইয়াশ রোহান।
‘মনের মতো মন’-এর গল্পের পাশাপাশি চিত্রনাট্য ও পরিচালনা করেছেন ইমরাউল রাফাত। ইয়াশ-নিহা জুটিকে এর আগেও ‘নিয়তি’, ‘উইশ কার্ড’, ‘জনম জনম’ ও ‘অবুঝ পাখি’ নাটকে দেখা গেছে। প্রতিটি নাটকেই তাদের জুটি দর্শকের মধ্যে আগ্রহ তৈরি করেছে। সেই সাড়াকে সামনে রেখেই এবার এই জুটিকে নিয়ে নতুন একটি ভালোবাসার গল্প সাজিয়েছেন নির্মাতা।
নাটকটি প্রসঙ্গে নাজনীন নিহা বলেন, কিছু গল্প শুরু থেকেই দর্শকের মনে কৌতূহল তৈরি করে। গল্পের পরিণতি কী হবে, তা জানার জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করতে হয়। ‘মনের মতো মন’ তেমনই একটি গল্প। আশা করছি, নাটকটি দর্শকদের প্রত্যাশা পূরণ করবে।
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সানজিদা হিমু, আজিজুল হাকিম, চিত্রলেখা গুহ, সাবেরী আলম, মানস বন্দ্যোপাধ্যায়, কচি খন্দকার, নওশীন দিশা, গোলাম দস্তগীর সান, জয় শাহরিয়ার বাপ্পিসহ আরও অনেকে।
প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি জানিয়েছে, শিগগিরই তাদের ইউটিউব চ্যানেলে নাটকটি প্রকাশ করা হবে।