ছোট পর্দার দর্শকদের জন্য নতুন ধারাবাহিক নিয়ে ফিরছেন নির্মাতা সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড। দীর্ঘ ১৬ বছর পর আবারও ধারাবাহিক নাটক নির্মাণে হাত দিয়েছেন তিনি। বাংলাদেশ টেলিভিশনের জন্য নির্মিতব্য এই নাটকের নাম ‘তবুও জীবন’। নাটকটির গল্প, চিত্রনাট্য ও পরিচালনার দায়িত্ব নিজেই পালন করছেন এই নির্মাতা।
‘তবুও জীবন’ মূলত তিনটি পরিবারের জীবন ও সংগ্রামের গল্প। নগরজীবনের একক পরিবার, যৌথ পরিবার এবং উন্নত ভবিষ্যতের আশায় গ্রাম থেকে শহরে আসা এক দম্পতির জীবনযাত্রা নাটকটির মূল উপজীব্য। সম্পর্কের টানাপোড়েন, পারিবারিক দায়বদ্ধতা, স্বপ্ন ও বাস্তবতার নানা দিক উঠে আসবে এর কাহিনিতে।
নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন সাব্বির আহমেদ, দীপা খন্দকার, দিলরুবা দোয়েল রুহি, কাজল মজুমদার, রাশেদা আক্তার, অহিদা সাবরিনা, কবির টুটুল ও সুমনা সোমা। সম্প্রতি শুরু হয়েছে নাটকটির শুটিং।
ধারাবাহিক নির্মাণে ফিরে আসার বিষয়ে ডায়মন্ড বলেন, ২০১০ সালের পর তিনি আর কোনো ধারাবাহিক নাটক নির্মাণ করেননি। এ সময়টায় চলচ্চিত্র নিয়েই ব্যস্ত ছিলেন। তবে এবার এমন একটি গল্প বলতে চেয়েছেন, যা বর্তমান সমাজ ও পারিবারিক বাস্তবতার সঙ্গে গভীরভাবে সম্পর্কিত।
নির্মাতার মতে, সময়ের সঙ্গে পরিবারের ধরন বদলেছে। যৌথ পরিবারের জায়গা নিয়েছে ছোট পরিবার। আবার জীবিকার তাগিদে গ্রাম ছেড়ে শহরে আসা মানুষের সংখ্যাও বাড়ছে। এসব পরিবর্তনের মধ্যেও মানুষের সংগ্রাম, সম্পর্ক এবং একসঙ্গে বেঁচে থাকার গল্পই তুলে ধরা হবে ‘তবুও জীবন’-এ।
৩৯ পর্বের এই ধারাবাহিকের প্রথম ধাপের শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে। আগামী ১৬ জুন শুরু হবে দ্বিতীয় ধাপের দৃশ্যধারণ। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে শিগগিরই দর্শকদের জন্য প্রচারে আসবে নাটকটি।