সংগীতশিল্পী আকাশ মাহমুদ-এর পরিবারে বইছে আনন্দের আমেজ। দ্বিতীয়বারের মতো বাবা হয়েছেন এই জনপ্রিয় কণ্ঠশিল্পী। শুক্রবার (২২ মে) ফরিদপুরের জনতা হাসপাতালে সিজারের মাধ্যমে তার স্ত্রীর কোলজুড়ে জন্ম নেয় এক পুত্র সন্তান।
নবজাতক ও তার মা দুজনেই সুস্থ আছেন বলে জানিয়েছেন আকাশ মাহমুদ। জীবনের এই বিশেষ মুহূর্তের অনুভূতি প্রকাশ করতে গিয়ে আবেগাপ্লুত কণ্ঠে তিনি বলেন, বাচ্চার মা ও সন্তান দুজনেই সুস্থ আছে আলহামদুলিল্লাহ। এখানে দুদিন থাকতে হবে। আমরা সবাই খুব খুশি। আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া। দেশবাসীর কাছে দোয়া চাই, আমার সন্তান যেন সুস্থ থাকে, এবং যেন মানুষের মতো মানুষ হতে পারে।
জানা গেছে, এটি আকাশ মাহমুদের দ্বিতীয় সন্তান। এর আগে তাদের ঘরে জন্ম নেয় একটি কন্যা সন্তান। ছেলে সন্তানের আগমনে পরিবারজুড়ে এখন আনন্দ আর উচ্ছ্বাসের পরিবেশ বিরাজ করছে।
বাংলা গানের অঙ্গনে আকাশ মাহমুদ পরিচিত একটি নাম। লোকগান, আঞ্চলিক গান ও আধুনিক ধারার সংগীতে নিজের স্বতন্ত্র কণ্ঠ আর আবেগঘন পরিবেশনার মাধ্যমে শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। দেশের বিভিন্ন স্টেজ শো, টেলিভিশন অনুষ্ঠান এবং ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়মিত গান প্রকাশের মাধ্যমে জনপ্রিয়তা পেয়েছেন এই শিল্পী। বিশেষ করে ইউটিউবভিত্তিক গান ও লাইভ পারফরম্যান্সে তার আলাদা শ্রোতাপ্রিয়তা তৈরি হয়েছে।
সংগীতজীবনের ব্যস্ততার মাঝেও পরিবারকে সবসময় বিশেষ গুরুত্ব দেন আকাশ মাহমুদ। আর তাই নতুন অতিথির আগমনে তার আনন্দ যেন আরও কয়েকগুণ বেড়ে গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে পাচ্ছেন অসংখ্য শুভেচ্ছা ও ভালোবাসা।
ভক্তদের পাশাপাশি দেশের সংগীতাঙ্গনের সহকর্মীরাও নবজাতকের সুস্থতা ও সুন্দর ভবিষ্যৎ কামনা করেছেন। জীবনের নতুন এই অধ্যায়কে ঘিরে আকাশ মাহমুদ ও তার পরিবারের জন্য শুভকামনা জানিয়েছেন অনেকে।