• সোমবার, ০১ জুন ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন

‘মাসুদ রানা’ দিয়ে চলচ্চিত্রের গানে অভিষেক রাকা পপির

ডেস্ক নিউজ / ৮১ পঠিত
আপডেট : শুক্রবার, ২৯ মে, ২০২৬

ঈদুল আজহাকে কেন্দ্র করে দেশের চলচ্চিত্রাঙ্গনে আলোচনার কেন্দ্রে রয়েছে জাজ মাল্টিমিডিয়া ও ইমপ্রেস টেলিফিল্মের যৌথ প্রযোজনায় নির্মিত বহুল প্রতীক্ষিত সিনেমা মাসুদ রানা। আর এই সিনেমার মাধ্যমেই প্রথমবারের মতো প্লেব্যাকে কণ্ঠ দিলেন বর্তমান প্রজন্মের মেধাবী ও সুরেলা কণ্ঠশিল্পী রাকা পপি। তার সঙ্গে দ্বৈতভাবে গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল।

গানটির কথা ও সুর করেছেন খ্যাতনামা গীতিকবি শাহ আলম সরকার। সংগীতায়োজনে রয়েছেন দেশের গুণী সংগীত পরিচালক শওকত আলী ইমন। সিনেমাটির এই নতুন গানটি ঘিরে ইতোমধ্যেই সংগীতপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে আগ্রহ।

প্রথমবার সিনেমায় প্লেব্যাক করার অভিজ্ঞতা নিয়ে বেশ উচ্ছ্বসিত রাকা পপি। তিনি জানান, একজন শিল্পীর যতই মৌলিক গান থাকুক না কেন, সিনেমায় প্লেব্যাক করার স্বপ্ন প্রায় সবারই থাকে। আর সেই স্বপ্ন পূরণ হয়েছে ‘মাসুদ রানা’ সিনেমার মাধ্যমে।

রাকা পপি বলেন, জাজ মাল্টিমিডিয়ার মতো বড় প্রযোজনা প্রতিষ্ঠানের সিনেমায় প্রথমবার প্লেব্যাক করতে পারা আমার জন্য সত্যিই আনন্দের। বিশেষ করে ‘মাসুদ রানা’র মতো আলোচিত একটি সিনেমায় গান গাওয়ার সুযোগ পাওয়াটা অনেক বড় প্রাপ্তি। আমি একদম মনের মতো একটি গান গেয়েছি। সিনেমা হলে দর্শক-শ্রোতারা গানটি ভীষন পছন্দ করছে।ভীষন আনন্দ উল্লাস করছিলো গানের সময় দর্শক।

তিনি আরও বলেন, আমার এই স্বপ্ন পূরণে জাজ মাল্টিমিডিয়া ও প্রযোজক আব্দুল আজিজ ভাইয়ার প্রতি আমি কৃতজ্ঞ। সবাই বাংলা গান ও বাংলা সিনেমার পাশে থাকবেন, এটাই প্রত্যাশা।

রাজবাড়ি জেলায় জন্ম নেওয়া রাকা পপির সংগীতজগতে পথচলা শুরু ছোটবেলা থেকেই। সংস্কৃতিমনা বাবার উৎসাহ ও অনুপ্রেরণায় ধীরে ধীরে সংগীতচর্চায় নিজেকে গড়ে তোলেন তিনি। সংগীতের পাশাপাশি শিক্ষাজীবনেও ছিলেন অত্যন্ত কৃতিত্বপূর্ণ। সফলতার সঙ্গে সম্পন্ন করেছেন বিবিএ ও এমবিএ ডিগ্রি। এছাড়া আইন বিষয়ে এলএলবি ডিগ্রি অর্জনের পাশাপাশি বর্তমানে সংগীতে স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়ন করছেন।

প্রাতিষ্ঠানিক সংগীত শিক্ষাতেও রয়েছে তার শক্ত অবস্থান। ছায়ানটে লোকসংগীতের ওপর প্রশিক্ষণ নেওয়ার পাশাপাশি বাফাতে চার বছর মেয়াদি ক্লাসিক্যাল মিউজিক কোর্সে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছেন তিনি।

ইতোমধ্যে নিজের ইউটিউব চ্যানেল ‘রাকা পপি অফিসিয়াল’সহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশ পেয়েছে তার শতাধিক মৌলিক গান। নতুন প্রজন্মের এই শিল্পী ধীরে ধীরে সংগীতাঙ্গনে নিজের আলাদা পরিচিতি তৈরি করে নিয়েছেন। আর এবার বড় পর্দার প্লেব্যাকের মাধ্যমে তার সংগীত ক্যারিয়ারে যুক্ত হলো নতুন এক অধ্যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category