বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছেন। সমিতির সাধারণ শিল্পীদের ভোটে সভাপতি পদে বিজয়ী হয়েছেন জনপ্রিয় অভিনেতা শিবা শানু এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন অভিনেতা জয় চৌধুরী। শনিবার (৪ জুলাই) ভোর পৌনে ৫টার দিকে প্রধান নির্বাচন কমিশনার কামাল মো. কিবরিয়া লিপু আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন। বিএফডিসি প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে দীর্ঘ ভোট গণনা শেষে নতুন এই কমিটির নাম ঘোষণা করা হয়।
এবারের নির্বাচনে মোট ৫৭৩ জন ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ৪৮০ জন। ভোট গণনা শেষে ১৭টি ব্যালট বাতিল বলে গণ্য হয়। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ নির্বাচনে সভাপতি পদে শিবা শানু পেয়েছেন ২৪৩ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আরমান পেয়েছেন ১৭৩ ভোট। সাধারণ সম্পাদক পদে জয় চৌধুরী ২৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার প্রতিদ্বন্দ্বী রুমানা ইসলাম মুক্তি পেয়েছেন ১৭৯ ভোট।

কমিটির অন্যান্য পদে জয়লাভ করেছেন ডিএ তায়েব ও ইলিয়াস কোবরা (সহ-সভাপতি), সুব্রত (সহ-সাধারণ সম্পাদক), সনি রহমান (সাংগঠনিক সম্পাদক), পারভেজ চৌধুরী আবির (আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক), জ্যাকি আলমগীর (দপ্তর ও প্রচার সম্পাদক), মারুফ আকিব (সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক) এবং কামরুজ্জামান কমল (কোষাধ্যক্ষ)। এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন আলী রাজ, কাবিলা, কায়েস আরজু, জেসমিন, নাসরিন, ফরহাদ, শিপন মিত্র, রাকা, চিকন আলী, শিরিন শিলা এবং সুশান্ত।
গত কয়েক সপ্তাহ ধরে ‘আরমান–মুক্তি পরিষদ’ এবং ‘শিবা শানু–জয় চৌধুরী’ পরিষদের প্রচার-প্রচারণায় বিএফডিসি প্রাঙ্গণ ছিল সরগরম। শুক্রবার সকাল থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়। নবনির্বাচিত এই কমিটির কাছে শিল্পীরা প্রত্যাশা করছেন যে, তারা আগামী দুই বছর শিল্পীদের অধিকার রক্ষা, কল্যাণমূলক কর্মকাণ্ড জোরদার করা এবং দেশের চলচ্চিত্র শিল্পের সার্বিক উন্নয়নে কার্যকর ও বলিষ্ঠ ভূমিকা পালন করবেন। নতুন এই নেতৃত্বের ওপর এখন ঢালিউডের একঝাঁক শিল্পীর আশা-ভরসা ও প্রত্যাশা ঝুলে আছে।