• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন

বিটিভির চিত্রগ্রাহকদের প্রশিক্ষণে রিপন

বিনোদন প্রতিবেদক / ১৬ পঠিত
আপডেট : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) নিউজ ও অনুষ্ঠান বিভাগের চিত্রগ্রাহকদের নিয়ে দুই দিনব্যাপী বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। চিত্রগ্রহণের দক্ষতা উন্নয়ন, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং কাজের ক্ষেত্রে পেশাগত মান আরও বাড়ানোর লক্ষ্যেই এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় মুক্ত প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন চিত্রগ্রাহক ও নির্মাতা মোহাম্মদ জহিরুল ইসলাম রিপন। দুই দিনব্যাপী এ আয়োজনে বিটিভির নিউজ ও প্রোগ্রাম বিভাগের চিত্রগ্রাহকদের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। বাস্তব অভিজ্ঞতার আলোকে চিত্রগ্রহণের কৌশল, দৃশ্য ধারণের পরিকল্পনা, ক্যামেরার যথাযথ ব্যবহার এবং সংবাদ ও অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় ভিজ্যুয়াল নির্মাণ নিয়ে আলোচনা করেন রিপন।
কর্মশালায় অংশ নেওয়া চিত্রগ্রাহকদের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময়ও করেন তিনি। কর্মক্ষেত্রে প্রতিনিয়ত পরিবর্তনশীল প্রযুক্তির সঙ্গে নিজেদের দক্ষতাকে কীভাবে আরও সমৃদ্ধ করা যায়, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
কর্মশালা প্রসঙ্গে মোহাম্মদ জহিরুল ইসলাম রিপন বলেন, ‘বাংলাদেশ টেলিভিশনের মতো একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের চিত্রগ্রাহকদের সঙ্গে কাজ করার সুযোগ পাওয়া আমার জন্য আনন্দের। এই কর্মশালার মূল উদ্দেশ্য ছিল নিজেদের অভিজ্ঞতা ভাগাভাগি করা এবং নতুন প্রযুক্তি ও কৌশল সম্পর্কে ধারণা দেওয়া। চিত্রগ্রহণের ক্ষেত্রে শুধু ক্যামেরা পরিচালনা জানলেই হয় না, একটি গল্পকে কীভাবে দৃশ্যের মাধ্যমে সুন্দরভাবে তুলে ধরা যায়, সেটিও গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, ‘নিউজ ও অনুষ্ঠান—দুই ক্ষেত্রেই চিত্রগ্রাহকদের কাজের ধরন আলাদা। তবে উভয় ক্ষেত্রেই দায়িত্বশীলতা, সৃজনশীলতা এবং সময়ের সঙ্গে তাল মিলিয়ে প্রযুক্তিগত দক্ষতা অর্জন জরুরি। বিটিভির চিত্রগ্রাহকদের এই কর্মশালা তাদের কাজের ক্ষেত্রে আরও ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমি মনে করি।
দুই দিনব্যাপী কর্মশালায় প্রশিক্ষণ ও মতবিনিময়ের মাধ্যমে অংশগ্রহণকারীরা চিত্রগ্রহণের নানা দিক সম্পর্কে নতুন অভিজ্ঞতা অর্জন করেন। আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের কর্মশালা বিটিভির নিউজ ও অনুষ্ঠান নির্মাণে চিত্রগ্রহণের মান আরও উন্নত করতে সহায়ক হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ