• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন

পরিকল্পনা বদলে বড় পর্দায় অপু বিশ্বাসের ‘শিকার’

ডেস্ক নিউজ / ৫৬ পঠিত
আপডেট : শনিবার, ৪ জুলাই, ২০২৬

দীর্ঘদিনের অপেক্ষা আর পরিকল্পনার পরিবর্তনের পর অবশেষে শুটিংয়ে যাচ্ছে ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাসের নতুন সিনেমা ‘শিকার’। বছরের শুরুতে ওয়েব ফিল্ম হিসেবে ঘোষিত হলেও শেষ পর্যন্ত এটি নির্মিত হচ্ছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে। প্রেক্ষাগৃহে মুক্তির লক্ষ্য নিয়েই শুরু হচ্ছে সিনেমাটির কাজ।

সিনেমাটির নির্মাতা কামরুজ্জামান রোমান জানান, গত মার্চ মাসেই শুটিং শুরু করার পরিকল্পনা ছিল। তবে প্রি-প্রোডাকশনের বিভিন্ন কাজ শেষ হতে সময় লাগায় নির্ধারিত সময়ে ক্যামেরার সামনে যাওয়া সম্ভব হয়নি। সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হওয়ায় চলতি মাসেই শুরু হচ্ছে দৃশ্যধারণ।

ওয়েব ফিল্ম থেকে সিনেমায় রূপান্তরের কারণ ব্যাখ্যা করে নির্মাতা বলেন, প্রি-প্রোডাকশনের সময় বাজেট, গল্পের বিস্তৃতি এবং শিল্পী নির্বাচনের মতো বিষয়গুলো পর্যালোচনা করে তাদের মনে হয়েছে, গল্পটি বড় পর্দার জন্যই বেশি উপযুক্ত। পরে প্রযোজনা প্রতিষ্ঠান রেজা ফিল্মসের সঙ্গে আলোচনার পর সম্মিলিতভাবে এটিকে সিনেমা হিসেবে নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়।

নির্মাতা আরও জানান, ‘শিকার’-এর বেশিরভাগ শুটিং হবে নেপালে। চলতি মাসের মাঝামাঝি সময়ে পুরো ইউনিট সেখানে যাবে। ইতোমধ্যে সিনেমার একটি গানের রেকর্ডিং শেষ হয়েছে। ‘দুজন মিলে বাঁচব এক জীবন’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল ও নাজমুন মুনিরা ন্যান্সি। কবির বকুলের কথায় গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন ইমরান মাহমুদুল। এছাড়া আকাশ মাহমুদের সুরে একটি স্যাড ঘরানার গানের রেকর্ডিংও সম্পন্ন হয়েছে।

সীমান্তবর্তী এলাকার প্রেক্ষাপটে নির্মিত থ্রিলারধর্মী এই সিনেমায় অপু বিশ্বাসকে দেখা যাবে এক গ্ল্যামারাস চরিত্রে। নির্মাতার দাবি, ‘শিকার’-এর সবচেয়ে বড় শক্তি এর গল্প। দর্শকদের জন্য ভিন্ন স্বাদের একটি সিনেমা উপহার দিতেই অভিনয়শিল্পী ও কলাকুশলীরা ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছেন।

সিনেমাটিতে অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মুরতজা পলাশ। নির্মাতার ভাষ্য, নাটকে তার অভিনয় দেখেই এই চরিত্রের জন্য তাকে নির্বাচন করা হয়েছে। ‘শিকার’-এর গল্প ও চিত্রনাট্য লিখেছেন আবদুল্লাহ জহির বাবু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ