গ্রামীণ জীবনের হারিয়ে যেতে বসা মূল্যবোধ, সামাজিক পরিবর্তন এবং মানবিক সম্পর্কের টানাপোড়েনকে উপজীব্য করে নির্মিত হয়েছে নতুন ধারাবাহিক নাটক ‘গ্রামের নাম সুন্দরপুর’। আগামী ১৩ জুন থেকে বৈশাখী টিভির পর্দায় প্রচার শুরু হবে নাটকটির। সপ্তাহে তিন দিন, প্রতি শনিবার, রবিবার ও সোমবার রাত ৮টা ৪০ মিনিটে দর্শকরা উপভোগ করতে পারবেন ধারাবাহিকটি।
নাটকটির গল্প লিখেছেন মো. শাহাদাৎ হোসেন। চিত্রনাট্য ও পরিচালনায় রয়েছেন আকাশ রঞ্জন। নির্মাতার ভাষ্য অনুযায়ী, ‘গ্রামের নাম সুন্দরপুর’ কেবল একটি গ্রামের গল্প নয়; এটি সময়ের পরিবর্তনে বদলে যাওয়া সমাজ ও মানুষের জীবনবোধের প্রতিচ্ছবি।
নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, রোজি সিদ্দিকী, শফিক খান দিলু, শাকিলা পারভিন, মুকুল সিরাজ, সিদ্দিক মাস্টার, বাদল শহিদ, সাহেলা আক্তার, রূপক রেজা, রাহুল দেবরাজ, সোনিয়া, সাগরিকাসহ আরও অনেকে।
পরিচালক আকাশ রঞ্জন বলেন, একসময় গ্রামের মানুষের মধ্যে যে আন্তরিকতা, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার সংস্কৃতি ছিল, আধুনিকতার ছোঁয়ায় তা অনেকটাই বদলে গেছে। উন্নয়ন ও প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে মানুষের জীবনযাত্রায় পরিবর্তন এলেও সম্পর্কের উষ্ণতা ক্রমেই কমে আসছে।
তিনি আরও বলেন, একসময় গ্রামের খোলা মাঠে নানা ধরনের খেলাধুলা, যাত্রাপালা কিংবা সিনেমা ছিল মানুষের বিনোদনের প্রধান মাধ্যম। বর্তমানে মোবাইল ফোন ও ব্যক্তিকেন্দ্রিক জীবনযাপনের কারণে মানুষ একে অপরের কাছ থেকে দূরে সরে যাচ্ছে। এই বাস্তবতাই নাটকের গল্পে তুলে ধরা হয়েছে।
নির্মাতাদের প্রত্যাশা, সামাজিক অবক্ষয়, নৈতিক সংকট এবং মানবিক সম্পর্কের পরিবর্তিত চিত্রকে কেন্দ্র করে নির্মিত ‘গ্রামের নাম সুন্দরপুর’ দর্শকদের ভাবতে বাধ্য করবে এবং নিজেদের চারপাশের সমাজকে নতুন করে দেখার সুযোগ করে দেবে।