স্ত্রীর আত্মহত্যার ঘটনায় দায়ের করা মামলায় ছোট পর্দার অভিনেতা মো. নিয়ামত উল্লাহ ভূঁইয়া ওরফে জাহের আলভীকে দুই দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। মামলার তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য উদ্ঘাটনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে এ আদেশ দেওয়া হয়।
বুধবার (২৪ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর শুনানি শেষে এই আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের মিরপুর জোনাল টিমের পরিদর্শক আব্দুল মালেক আলভীকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন।
তদন্ত কর্মকর্তার দাবি, স্ত্রী ইকরার প্রতি দীর্ঘদিন ধরে মানসিক নির্যাতনের অভিযোগ রয়েছে আলভীর বিরুদ্ধে। এমনকি বিবাহিত থাকা অবস্থায় অন্য নারীর সঙ্গে ছবি প্রকাশ ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পোস্টের মাধ্যমে ইকরাকে মানসিকভাবে চাপে রাখা হতো বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। এসব বিষয় খতিয়ে দেখা এবং মামলার প্রকৃত রহস্য উদ্ঘাটনের স্বার্থেই তাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন বলে আদালতে জানানো হয়।
এর আগে গত ১৮ জুন আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছিলেন জাহের আলভী। তবে আদালত তার আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
উল্লেখ্য, গত ১ মার্চ রাজধানীর মিরপুরে নিজ বাসা থেকে আলভীর স্ত্রী ইকরার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে জাহের আলভী ও তার মা নাসরিন সুলতানা শিউলির বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করেন। মামলার অভিযোগে বলা হয়েছে, দীর্ঘদিনের পারিবারিক কলহ ও মানসিক নির্যাতনের কারণেই ইকরা আত্মহত্যা করতে বাধ্য হন।
বহুল আলোচিত এই মামলায় আদালতের সর্বশেষ আদেশের পর তদন্তে নতুন তথ্য সামনে আসতে পারে বলে সংশ্লিষ্টদের ধারণা।