ঈদুল আজহা উপলক্ষে দর্শকদের জন্য বিশেষ আয়োজন নিয়ে ফিরছে জনপ্রিয় ধারাবাহিক ‘দেনা পাওনা’। সিরিজটি শেষ হওয়ার পর এবার নতুনভাবে ৭ পর্বের ঈদ স্পেশাল নিয়ে হাজির হচ্ছেন নির্মাতারা।
নতুন এই সিরিজের নাম রাখা হয়েছে ‘দেনা পাওনা কোরবানি স্পেশাল’। এটি নির্মাণ করেছেন কে এম সোহাগ রানা। নির্মাতাদের পক্ষ থেকে জানা গেছে, ঈদের দ্বিতীয় দিন থেকে ধারাবাহিকভাবে পর্বগুলো প্রকাশ করা হবে।
ট্রেলার প্রকাশের পর থেকেই দর্শকমহলে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে। সিনেমাওয়ালা এন্টারটেইনমেন্ট-এর অফিসিয়াল পেজে ট্রেলারটি প্রকাশের পর সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া পাওয়া গেছে। মধ্যবিত্ত জীবনের আবেগ, সম্পর্ক ও বাস্তব জীবনের টানাপোড়েনকে ঘিরে নির্মিত এই সিরিজটি আগেও দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল।
নতুন এই পর্বগুলোতেও সেই আবেগ আর বাস্তবতার ছোঁয়া থাকবে বলে আশা করছেন দর্শকরা। সিরিজের প্রধান চরিত্র খাইরুল ও নীপার ভূমিকায় অভিনয় করেছেন অ্যালেন শুভ্র এবং তাবাচ্ছুম ছোঁয়া। গুরুত্বপূর্ণ চরিত্রে আরও রয়েছেন শহীদুজ্জামান সেলিম, ডা. এজাজুল ইসলামসহ একাধিক পরিচিত মুখ।
নির্মাতা কে এম সোহাগ রানা জানিয়েছেন, এবারের কোরবানি স্পেশালের গল্প আলাদা স্বাদে সাজানো হলেও এটি মূল ধারাবাহিকের সরাসরি কন্টিনিউশন নয়, বরং স্বতন্ত্র একটি গল্প হিসেবে উপস্থাপন করা হয়েছে।
দর্শকদের প্রতিক্রিয়ায় ইতোমধ্যেই তৈরি হয়েছে উচ্ছ্বাস। অনেকেই মন্তব্য করছেন, এই নাটক ছাড়া ঈদের আনন্দ যেন অসম্পূর্ণ। সব মিলিয়ে ঈদুল আজহায় ‘দেনা পাওনা কোরবানি স্পেশাল’ ঘিরে দর্শকদের প্রত্যাশা এখন তুঙ্গে।
সিরিজটি দেখা যাবে সিনেমাওয়ালা এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেল-এ।