• সোমবার, ০১ জুন ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন

অপবাদ আর অপেক্ষার গল্প বলবে ঈদের নাটক ‘আমানত’

ডেস্ক নিউজ / ২৮ পঠিত
আপডেট : সোমবার, ২৫ মে, ২০২৬

আসন্ন ঈদকে ঘিরে দর্শকদের জন্য নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘আমানত’। অবয়ব সিদ্দিকীর রচনায় নাটকটি পরিচালনা করেছেন রাইয়ান মাহমুদ। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান ও অর্চিতা স্পর্শিয়া। ঈদের দিন রাত ৯টা ৩০ মিনিটে আরটিভিতে প্রচার হবে নাটকটি।

‘আমানত’-এর গল্প আবর্তিত হয়েছে গ্রামের এক সাধারণ অথচ সাহসী নারী মায়াকে ঘিরে। তার স্বামী রাশেদ দীর্ঘ পাঁচ বছর ধরে প্রবাসে থেকে কঠোর পরিশ্রম করে সংসারের হাল ধরে রেখেছে। রাশেদের পাঠানো অর্থেই অসুস্থ বাবা-মা ও ছোট বোনকে নিয়ে সংসার সামলায় মায়া। কিন্তু স্বামীর অনুপস্থিতিতে তাকে প্রতিনিয়ত লড়তে হয় সমাজের কটু কথা, অপবাদ আর মানুষের বাঁকা দৃষ্টির সঙ্গে।

গ্রামের বিভিন্ন জায়গায় অপমান আর অশালীন ইঙ্গিত যেন মায়ার নিত্যদিনের বাস্তবতা হয়ে দাঁড়ায়। একসময় গ্রামের ছোট ভাই আবিরের রিকশায় ওঠাকে কেন্দ্র করে নতুন করে শুরু হয় গুঞ্জন। সেই ঘটনাকে পুঁজি করে গ্রামের প্রভাবশালী মতিন মিঞা মায়ার শ্বশুরের মনেও সন্দেহ তৈরি করে। ধীরে ধীরে নিজের সততা নিয়েই প্রশ্নের মুখে পড়ে মায়া।

অন্যদিকে দূর প্রবাসে থাকা রাশেদের সঙ্গে ভিডিও কলে সব কষ্ট আড়াল করে হাসিমুখে কথা বলে মায়া। প্রতিবারই তার একটাই প্রশ্ন থাকে, “তুমি কবে আসবে?

অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর দেশে ফেরে রাশেদ। তখন মায়া খুলে বলে তার জমে থাকা অপমান, একাকীত্ব আর না বলা কষ্টের গল্প। স্ত্রীর প্রতি অগাধ বিশ্বাস নিয়ে রাশেদ সমাজের অন্যায় অপবাদ আর কুসংস্কারের বিরুদ্ধে দাঁড়িয়ে প্রতিবাদ করে।

নির্মাতাদের ভাষ্য অনুযায়ী, ‘আমানত’ শুধু একটি পারিবারিক গল্প নয়; এটি প্রবাসীদের স্ত্রীদের নীরব সংগ্রাম, সামাজিক দৃষ্টিভঙ্গি এবং বিশ্বাসের শক্তিকে তুলে ধরা এক আবেগঘন গল্প।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category