তারকাদের পদচারণায় শুক্রবার রাতটা যেন পরিণত হয়েছিল এক টুকরো রঙিন উৎসবে। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে বসেছিল ‘নতুনধারা প্রেজেন্টস ইটিভি বাইফা অ্যাওয়ার্ডস ২০২৬’-এর পঞ্চম আসর। আলো, গ্ল্যামার, করতালি আর তারকাদের উচ্ছ্বাসে জমে ওঠা এই আয়োজন ছিল দেশের শোবিজ অঙ্গনের বড় এক মিলনমেলা।
সন্ধ্যা গড়াতেই লালগালিচায় একে একে হাজির হন চলচ্চিত্র, নাটক, সংগীত ও ওটিটি অঙ্গনের জনপ্রিয় মুখগুলো। ক্যামেরার ঝলকানি আর ভক্তদের উচ্ছ্বাসে পুরো ভেন্যু পায় উৎসবের আবহ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নাদিয়া আফরিন মিম ও ইমতু রাতিশ।
এবারের আসরের সবচেয়ে আবেগঘন মুহূর্ত ছিল আজীবন সম্মাননা প্রদান পর্ব। বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী কোহিনূর আখতার সুচন্দা এবং সংগীতের উজ্জ্বল নক্ষত্র সাবিনা ইয়াসমিনকে সম্মাননা দেওয়া হলে দাঁড়িয়ে করতালি দেন উপস্থিত অতিথিরা।

শুধু পুরস্কার নয়, দর্শকদের জন্য ছিল বিশেষ চমকও। শিশুতোষ অ্যাডভেঞ্চারধর্মী সিনেমা ‘গুপ্তধনের খোঁজে’-এর ট্রেলার উন্মোচনের মধ্য দিয়ে নতুন এক চলচ্চিত্রের ঘোষণা আসে আলোচনায়।
পুরস্কার বিতরণীতে চলচ্চিত্র, নাটক, সংগীত, ওটিটি ও ডিজিটাল কনটেন্ট মিলিয়ে ২৯টি বিভাগে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। জুরি বোর্ডের বিচারে সেরা চলচ্চিত্রের স্বীকৃতি পায় তানিম নূরের ‘বনলতা এক্সপ্রেস’। এই সিনেমার জন্য সেরা অভিনেতা হন শরিফুল রাজ। অন্যদিকে ‘সাবা’-তে অভিনয় করে সেরা অভিনেত্রীর পুরস্কার জেতেন মেহজাবীন চৌধুরী। পরিচালক হিসেবে সম্মাননা পান ‘দম’-এর নির্মাতা রেদওয়ান রনি।
জনপ্রিয় বিভাগেও ছিল বেশ চমক। ‘দম’ সিনেমার জন্য দর্শকপ্রিয় অভিনেতা নির্বাচিত হন আফরান নিশো। ‘বনলতা এক্সপ্রেস’-এ অভিনয় করে জনপ্রিয় অভিনেত্রীর স্বীকৃতি পান সাবিলা নূর। একই সিনেমায় অভিনয়ের জন্য চঞ্চল চৌধুরী অর্জন করেন সেরা ব্রেকথ্রু পারফরম্যান্সের সম্মাননা।

নাটক বিভাগে ‘ফ্যামিলি ম্যান’ নাটকের জন্য সেরা অভিনেতা হন ফারহান আহমেদ জোভান। ‘পুতুলের বিয়ে’ নাটকে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পান তানজিন তিশা। নির্মাতা হিসেবে স্বীকৃতি পান প্রবীর রায় চৌধুরী।
ওটিটি বিভাগেও ছিল শক্ত প্রতিযোগিতা। ‘বোহেমিয়ান ঘোড়া’-য় অভিনয়ের জন্য জুরি বোর্ডের বিচারে সেরা অভিনেতা নির্বাচিত হন মোশাররফ করিম। একই প্রজেক্টে অভিনয় করে সেরা ব্রেকথ্রু সম্মাননা পান রুনা খান। দর্শক ভোটে জনপ্রিয় অভিনেতা হন তৌসিফ মাহবুব এবং জনপ্রিয় অভিনেত্রী হন সাদিয়া আয়মান।
সংগীত অঙ্গনেও ছিল উচ্ছ্বাস। জুরি বোর্ডের বিচারে যৌথভাবে সেরা শিল্পীর পুরস্কার পান দিলশাদ নাহার কনা ও সোমনুর মনির কোনাল। আর জনপ্রিয় বিভাগে সেরা গায়ক ও গায়িকার পুরস্কার যায় ইমরান মাহমুদুল ও দোলা রহমানের হাতে।

পুরো আয়োজনজুড়ে ছিল নাচ, গান, ফ্যাশন শো আর তারকাদের প্রাণবন্ত উপস্থিতি। দীঘি, ইরফান সাজ্জাদ, আদর আজাদ, শরিফুল রাজসহ অনেকেই অংশ নেন পরিবেশনা ও বিভিন্ন পর্বে।
আয়োজকদের মতে, বাইফা এখন শুধু পুরস্কার দেওয়ার একটি অনুষ্ঠান নয়; বরং দেশীয় বিনোদন অঙ্গনের সৃজনশীল কাজগুলোকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার এক গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।