• শুক্রবার, ১৫ মে ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন

শততম পর্বে পৌঁছাল দীপ্ত টিভির ‘পরম্পরা’

ডেস্ক নিউজ / ৭ পঠিত
আপডেট : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

দীপ্ত টিভিতে প্রচারিত জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘পরম্পরা’ অল্প সময়েই দর্শকের মনে জায়গা করে নিয়ে এবার পৌঁছেছে এক গুরুত্বপূর্ণ মাইলফলকে। চলতি বছরের ১ জানুয়ারি যাত্রা শুরু করা নাটকটি আজ মঙ্গলবার (৫ মে) রাত ৯টা ৩০ মিনিটে প্রচার করবে এর ১০০তম পর্ব।

শুরু থেকেই ড্রামা, সাসপেন্স ও রোমান্সের মিশেলে নির্মিত এই ধারাবাহিকটি দর্শকদের আগ্রহ ধরে রাখতে সক্ষম হয়েছে। পারিবারিক সম্পর্কের টানাপোড়েন আর আধুনিক জীবনের দ্বন্দ্ব—এই দুইয়ের সমন্বয়ে ‘পরম্পরা’ তৈরি করেছে নিজস্ব এক আলাদা জায়গা। নাটকটির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন আফিফা মোহসিনা অরণি ও সরোয়ার সৈকত, আর পরিচালনা করেছেন আশিস রায়।

গল্পের কেন্দ্রে রয়েছে নাহিয়ান নামের এক তরুণ, যে ইংল্যান্ডে বড় হয়ে ঢাকায় ফিরে নতুন পরিবেশে নিজেকে খাপ খাওয়াতে হিমশিম খায়। তার জীবনদর্শন ও পরিবারের ভাবনার মধ্যে তৈরি হয় দ্বন্দ্ব। গেম ডেভেলপার হওয়ার স্বপ্ন থাকলেও পারিবারিক চাপে তাকে ইঞ্জিনিয়ারিং পড়তে হয়, যা তার মানসিক অবস্থাকে আরও জটিল করে তোলে।

পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন ফুফাতো বোন রাশার সঙ্গে তার বিয়ের সিদ্ধান্ত হয়। কিন্তু সেই সময়েই বিয়ের আসর থেকে পালিয়ে আসা মেঘার আগমন সবকিছু ওলটপালট করে দেয়। শেষ পর্যন্ত নাহিয়ান পরিবার ও বিলাসী জীবন ছেড়ে মেঘাকে সঙ্গে নিয়ে অজানার পথে পা বাড়ায়। ছোট্ট একটি ঘর থেকে শুরু হয় তাদের নতুন সংগ্রামের গল্প।

এই ধারাবাহিকে অভিনয় করেছেন ডলি জহুর, শতাব্দী ওয়াদুদ, সুষমা সরকার, শাফিউল রাজ, নূপুর আহসান, জান্নাতুল ফেরদৌস কাজল, কাজী রাজু, মিলি বাসার, সানজিদা মিলা, শানারেই দেবী শানু ও রাগিব ইয়াসারসহ আরও অনেকে। ‘পরম্পরা’ প্রচারিত হচ্ছে প্রতি শনি থেকে বৃহস্পতিবার রাত ৯টা ৩০ মিনিটে দীপ্ত টিভিতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category