সিয়াম আহমেদকে এবার আর চেনা নায়ক হিসেবে দেখা যাচ্ছে না। মুখভর্তি দাড়ি-গোঁফ, পরনে স্যুট আর মাথার দিকে তাক করা একাধিক পিস্তল। এমনই এক রহস্যঘেরা দৃশ্যের মধ্য দিয়ে ‘ডিটেকটিভ দেলোয়ার’ চরিত্রে সিয়ামের উপস্থিতি জানান দিলেন নির্মাতা রায়হান রাফী।
বহুল আলোচিত সিনেমা ‘আন্ধার’-এর শুটিং সেটের মনিটর থেকে সিয়ামের একটি দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন রাফী। ছবিটি প্রকাশের পর থেকেই চরিত্রটি নিয়ে দর্শকের মধ্যে তৈরি হয়েছে নতুন কৌতূহল। কারণ, সিয়ামের এই অবয়ব তার আগের কাজগুলোর চেনা চরিত্রগুলোর তুলনায় বেশ আলাদা।
রাফীর প্রকাশিত তথ্য অনুযায়ী, সিনেমায় সিয়ামের চরিত্রের নাম দেলোয়ার। তিনি একজন গোয়েন্দা। তবে শুধু রহস্যের সমাধান করাই তার কাজ নয়, গল্পে তাকে দেখা যাবে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো এক ব্যতিক্রমী নায়ক হিসেবে। বিপদের মধ্যে থাকা মানুষের পাশে দাঁড়ানোই যার অন্যতম বৈশিষ্ট্য।
চরিত্রটির ভাবনা ব্যাখ্যা করতে গিয়ে রাফী আন্তর্জাতিকভাবে পরিচিত দুই কাল্পনিক চরিত্র শার্লক হোমস ও ব্যাটম্যানের প্রসঙ্গ টেনেছেন। তার মতে, দেলোয়ারও অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করবেন। তবে ব্যক্তিগত প্রতিশোধ কিংবা কোনো স্বার্থ চরিতার্থ করার জন্য নয়। বরং মানুষের প্রয়োজনে নিজেকে ঝুঁকির মধ্যে ফেলবেন তিনি।
সিয়ামকে এই চরিত্রে নেওয়ার সিদ্ধান্ত নিয়েও বেশ সন্তুষ্ট নির্মাতা। রাফী জানিয়েছেন, শুটিং শুরুর আগে দেলোয়ার চরিত্রের জন্য তার মাথায় একাধিক অভিনেতার নাম ছিল। কিন্তু কাজ শেষ হওয়ার পর তার মনে হয়েছে, সিয়াম এতটাই চরিত্রটির সঙ্গে মিশে গেছেন যে এখন তাকে ছাড়া দেলোয়ারকে কল্পনা করা কঠিন।
রায়হান রাফীর সিনেমায় নায়কদের ভিন্ন ভিন্ন পরিচয়ে হাজির করার প্রবণতা নতুন নয়। ‘পোড়ামন ২’, ‘সুড়ঙ্গ’, ‘তুফান’ ও ‘তাণ্ডব’-এও নায়কদের আলাদা অবয়বে তুলে ধরেছেন তিনি। তবে ‘আন্ধার’-এর মাধ্যমে এবার একজন নিঃস্বার্থ, ধ্রুপদি নায়কোচিত চরিত্র নির্মাণের চেষ্টা করেছেন বলে জানিয়েছেন পরিচালক।
এর আগে সিনেমাটির আরও কয়েকটি গুরুত্বপূর্ণ চরিত্রের লুক প্রকাশ করা হয়েছে। নাজিফা তুষি, রেহান, গাজী রাকায়েত ও চঞ্চল চৌধুরীর পর এবার সামনে এলো সিয়ামের চরিত্র। প্রতিটি লুক প্রকাশের সঙ্গে সঙ্গে ‘আন্ধার’-এর গল্প নিয়ে রহস্যও যেন আরও ঘনীভূত হচ্ছে।
সিয়ামের প্রকাশিত লুক অন্তত এটুকু ইঙ্গিত দিচ্ছে, ‘আন্ধার’-এ তাকে এবার প্রচলিত প্রেমের নায়কের ভূমিকায় নয়, বরং ঝুঁকি ও রহস্যে ঘেরা এক গোয়েন্দা চরিত্রে দেখা যাবে। পর্দায় ‘ডিটেকটিভ দেলোয়ার’ হয়ে সিয়াম দর্শকদের কতটা চমকে দিতে পারেন, সেই উত্তর মিলবে সিনেমাটি মুক্তির পর।