• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন

আমার স্বপ্ন আপনাদের কাছে দিয়ে গেলাম: ইলিয়াস কাঞ্চন

ডেস্ক নিউজ / ২৫ পঠিত
আপডেট : শনিবার, ৮ আগস্ট, ২০২৬

দীর্ঘ ১৫ মাস লন্ডনে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন চিত্রনায়ক ও নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন। দীর্ঘ চিকিৎসায় ক্যানসারের সঙ্গে লড়াই করে শারীরিকভাবে অনেকটাই দুর্বল হয়ে পড়েছেন তিনি। এলোমেলো হয়ে গেছে স্মৃতিও। অনেক পরিচিত কথাও এখন আগের মতো মনে করতে পারেন না। তবু মানুষের ভালোবাসায় সাড়া দিতে ভুলছেন না। যার সঙ্গেই দেখা হচ্ছে, হাসিমুখে কাছে টেনে নিচ্ছেন। পাশাপাশি সবার কাছে চাইছেন নিজের জন্য দোয়া।

দেশে ফেরার পর শুক্রবার (৭ আগস্ট) রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর ১১তম মহাসমাবেশে যোগ দেন এই অভিনেতা। সেখানে নিজের শারীরিক অবস্থার পাশাপাশি তিন দশকের বেশি সময় ধরে চালিয়ে আসা নিরাপদ সড়ক আন্দোলনের ভবিষ্যৎ নিয়েও আবেগঘন কথা বলেন তিনি।

মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ইলিয়াস কাঞ্চন বলেন, নিরাপদ সড়কের আন্দোলন এখন আর কোনো ব্যক্তি কিংবা একটি সংগঠনের মধ্যে সীমাবদ্ধ নেই। এটি দেশের মানুষের আন্দোলনে পরিণত হয়েছে।

তিনি বলেন, ‘৩১ বছর আগে ব্যক্তিগত জীবনের গভীর এক বেদনাকে মানুষের জীবন রক্ষার আন্দোলনে রূপ দিয়েছিলাম। আজ এটি আর ইলিয়াস কাঞ্চনের আন্দোলন নয়, এটি দেশের মানুষের আন্দোলন।’

নিজের অসুস্থতার কথা তুলে ধরে দেশবাসীর কাছে দোয়া চান ইলিয়াস কাঞ্চন। তিনি জানান, শারীরিক অসুস্থতার কারণে আগের মতো সক্রিয়ভাবে কাজ করতে পারছেন না। দ্রুত সুস্থ হয়ে আবারও নিরাপদ সড়কের আন্দোলনে সক্রিয়ভাবে যুক্ত হওয়ার শক্তি পাওয়ার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন তিনি।

আন্দোলনের ভবিষ্যৎ প্রসঙ্গে কথা বলতে গিয়ে একপর্যায়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ইলিয়াস কাঞ্চন। তিনি বলেন, ‘আমার স্বপ্ন আপনাদের কাছে দিয়ে গেলাম। আমি না থাকলেও আপনারা নিরাপদ সড়ক বাস্তবায়নে ভূমিকা রাখবেন।’

নিরাপদ সড়ক নিশ্চিত করতে সরকার, প্রশাসন, জনপ্রতিনিধি, পরিবহন মালিক-শ্রমিক, প্রকৌশলী, শিক্ষক, শিক্ষার্থী, গণমাধ্যমকর্মীসহ দেশের প্রতিটি সচেতন নাগরিককে এই আন্দোলনের সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি।

ইলিয়াস কাঞ্চনের ভাষ্য, নিরাপদ সড়কের দাবিতে যারা কাজ করছেন, তারা কেউ কারও প্রতিপক্ষ নন। সড়কে মানুষের জীবন রক্ষার লক্ষ্যেই সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

মহাসমাবেশে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, সড়ক ও যোগাযোগ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিবসহ বিভিন্ন পর্যায়ের অতিথি, নিসচার নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।

ইলিয়াস কাঞ্চনের নিরাপদ সড়ক আন্দোলনের শুরু ১৯৯৩ সালের ২২ অক্টোবর। ওই দিন এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্ত্রী জাহানারা কাঞ্চনকে হারানোর পর সড়কে মানুষের নিরাপত্তার দাবিতে আন্দোলনে নামেন তিনি। দীর্ঘ সময়ের সেই ব্যক্তিগত শোক ধীরে ধীরে রূপ নেয় দেশব্যাপী সামাজিক আন্দোলনে। পরবর্তী সময়ে ২২ অক্টোবর জাতীয় সড়ক নিরাপত্তা দিবস হিসেবেও পালিত হয়ে আসছে।

দীর্ঘ চিকিৎসা শেষে দেশে ফিরে নিসচার মহাসমাবেশে ইলিয়াস কাঞ্চনের এমন বক্তব্যে আবেগঘন পরিবেশ তৈরি হয়। বিশেষ করে নিজের অনুপস্থিতিতেও আন্দোলন চালিয়ে যাওয়ার যে আহ্বান তিনি জানিয়েছেন, তা উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে গভীর আবেগের সৃষ্টি করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ