ব্যক্তিজীবনের এক সংবেদনশীল অধ্যায় নিয়ে কথা বলেছেন জনপ্রিয় সংগীতশিল্পী রবি চৌধুরী। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের জীবনের সবচেয়ে বড় ভুল সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি জানান, তার প্রথম বিয়েটিই ছিল সেই ভুল। তবে অতীতের সেই অধ্যায় নিয়ে এখন আর কোনো ধরনের আলোচনা করতে চান না বলেও স্পষ্ট করেছেন এই শিল্পী।
ক্যারিয়ারের শুরুতে ‘প্রেম দাও’ অ্যালবামের মাধ্যমে শ্রোতাদের নজরে আসেন রবি চৌধুরী। প্রথম অ্যালবামের সাফল্যের পর একের পর এক জনপ্রিয় গান উপহার দিয়ে খুব অল্প সময়েই নিজের আলাদা অবস্থান তৈরি করেন তিনি। অডিও অ্যালবামের পাশাপাশি প্লেব্যাক ও দেশ-বিদেশের বিভিন্ন মঞ্চে সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শ্রোতাদের কাছে পরিচিতি পান এই শিল্পী।
সম্প্রতি একটি গণমাধ্যমের সেলিব্রিটি আড্ডাভিত্তিক অনুষ্ঠানে জীবনের সবচেয়ে বড় ভুল প্রসঙ্গে প্রশ্ন করা হলে রবি চৌধুরী বলেন, ‘আমার প্রথম বিয়েটাই জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। সুযোগ থাকলে সেই অতীত পুরোপুরি মুছে ফেলতে চাইতাম। কিন্তু সেটা তো আর সম্ভব নয়। তাই সেই অতীত নিয়ে এখন আর কথা বলতে চাই না।
নব্বই দশকের শেষদিকে সংগীতশিল্পী ডলি সায়ন্তনীর সঙ্গে রবির প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একসঙ্গে কাজ করতে গিয়ে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। ২০০০ সালের দিকে এই জুটি বেশ কয়েকটি জনপ্রিয় দ্বৈত গান উপহার দেন। এরপর ২০০১ সালে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। তবে দাম্পত্য জীবনে মতবিরোধ ও নানা কারণে খুব বেশি দিন একসঙ্গে থাকা হয়নি তাদের। পরবর্তীতে বিচ্ছেদের পথে হাঁটেন দুজন।
সাক্ষাৎকারে রবি চৌধুরীর বহুল আলোচিত গান ‘কাল নাগিনী’ নিয়েও প্রশ্ন করা হয়। ‘ঘুরাও দু নয়ন’ অ্যালবামের জনপ্রিয় এই গানটি সাবেক স্ত্রী ডলি সায়ন্তনীকে উদ্দেশ করে লেখা হয়েছিল কি না, জানতে চাওয়া হলে সরাসরি কোনো উত্তর দেননি তিনি।
বরং কিছুটা রসিকতার সুরে রবি বলেন, ‘সবসময় তো আর বন্দুক দিয়ে মারতে হয় না, মাঝে মাঝে কলম দিয়েও মারা যায়। গানটি আমার নিজের লেখা। তবে কাকে নিয়ে লিখেছিলাম, সেটা এখন আর বলতে চাই না।
অতীতের সম্পর্ক কিংবা ব্যক্তিজীবনের পুরোনো অধ্যায় নিয়ে আর প্রকাশ্যে কোনো মন্তব্য করতে চান না রবি চৌধুরী। বরং সেসব পেছনে ফেলে নিজের বর্তমান ও সংগীতজীবন নিয়েই এগিয়ে যেতে চান এই শিল্পী।