বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচনকে ঘিরে বিতর্ক থামছেই না। নির্বাচনের পরিবেশ ও ফলাফল নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন চিত্রনায়িকা রোজিনা ও পলি। তবে তাদের অভিযোগকে ভিন্নভাবে দেখছেন সংগঠনের নবনির্বাচিত সভাপতি শিবা শানু।
গত ৫ জুলাই রাজধানীর উত্তরায় নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন নিয়ে হতাশা প্রকাশ করেন চিত্রনায়িকা রোজিনা। তিনি অভিযোগ করেন, এবারের নির্বাচনে সুষ্ঠু পরিবেশ ছিল না এবং ভোটগ্রহণ ও ফলাফল প্রকাশের প্রক্রিয়ায় বিভিন্ন অসংগতি ছিল।
রোজিনা বলেন, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) এখন আর আগের মতো নেই। এখানে সম্মান ও মূল্যবোধ নষ্ট হচ্ছে। ক্ষোভ প্রকাশ করে তিনি আরও বলেন, আমার মৃত্যুর পর যেন আমার লাশ বিএফডিসিতে না নেওয়া হয়।
অন্যদিকে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে পরাজয়ের পর নির্বাচনে অর্থের প্রভাব ছিল বলে অভিযোগ করেন চিত্রনায়িকা পলি। তার দাবি, তাকে হারানোর জন্য বিপুল অর্থ ব্যয় করা হয়েছে। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচারও দাবি করেছেন।
রোজিনা ও পলির এসব অভিযোগ নিয়ে চ্যানেল 24-এর সঙ্গে কথা বলেছেন শিল্পী সমিতির নবনির্বাচিত সভাপতি ও অভিনেতা শিবা শানু। তিনি বলেন, নির্বাচনে পরাজয়ের পর মন খারাপ হওয়াটা স্বাভাবিক। এরপর বিভিন্ন ধরনের কথা শুনতে হলে কষ্ট আরও বেড়ে যায়। তবে সময়ের সঙ্গে সেই খারাপ লাগা কেটে যাবে বলেই তিনি আশা করেন।
আগামী দিনে শিল্পী সমিতিকে সবাইকে নিয়েই এগিয়ে নিতে চান জানিয়ে শিবা শানু বলেন, সংগঠনে বিভিন্ন উপকমিটি গঠন করা হবে। নির্বাচনে অংশ নেওয়া পরাজিত প্রার্থীরাও সেখানে কাজের সুযোগ পাবেন। কারণ, তারা সবাই শিল্পীদের সেবা করার উদ্দেশ্যেই নির্বাচনে অংশ নিয়েছিলেন। উপকমিটির মাধ্যমে তারা নির্বাচিত কমিটির সঙ্গে থেকে সেই কাজ চালিয়ে যেতে পারবেন।
নির্বাচনে অর্থ লেনদেনের অভিযোগ প্রসঙ্গে শিবা শানু বলেন, তিনি (পলি) যে অভিযোগ করেছেন, এখানে কেউ টাকার জন্য আসেনি। হয়তো মনোক্ষুণ্ন হয়ে এমন কথা বলেছেন। তিনি সন্দেহ প্রকাশ করেছেন, এমনটা হতে পারে। আগে তাদের সঙ্গে কথা বলি, তারা কী বলতে চান শুনি। এরপর প্রয়োজন হলে সিদ্ধান্ত নেওয়া হবে।