মানুষের জীবন, ভালোবাসা আর নিয়তির নির্মম পরিণতির জটিল সমীকরণ নিয়ে পর্দায় আসছে নতুন একক নাটক ‘নিয়তির খেলা’। পারিবারিক আবেগ ও জীবনের বাস্তবতাকে উপজীব্য করে নির্মিত এই নাটকটি আগামীকাল ২৭ জুন (শনিবার) জনপ্রিয় ইউটিউব চ্যানেল ‘লেজার ভিশন’-এ মুক্তি পেতে যাচ্ছে।
নাট্যকার জুয়েল আলিনের রচনায় ও জাকিউল ইসলাম রিপনের পরিচালনায় নাটকটি শুধু একটি সাধারণ পারিবারিক গল্প নয়; বরং মানুষের জীবনের চড়াই-উতরাই, আত্মত্যাগ এবং ভাগ্যের অপ্রত্যাশিত সব বাঁকের এক অনবদ্য আখ্যান। জীবনের সূক্ষ্ম টানাপোড়েন ও বাস্তবতাকে ফুটিয়ে তোলার ওপর এই নির্মাণে বিশেষ গুরুত্ব দিয়েছেন নির্মাতা।
এই নাটকের বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অহনা রহমান, রাশেদ সীমান্ত, মনিরা আক্তার মিঠু, কামরুন নাহার রুমা, ফাতেমা হিরা, রিমু রোজা খন্দকার, জিদান সরকার, লিজা মিতু, ফাইজুল কবির রথি ও স্বপন বিশ্বাসসহ একঝাঁক প্রতিভাবান শিল্পী।
লেজার ভিশন লিমিটেডের প্রযোজনায় নির্মিত এই নাটকটি নিয়ে আশাবাদী নির্মাতা জাকিউল ইসলাম রিপন। তার বিশ্বাস, বাস্তবধর্মী গল্পের এই কাজটি দর্শকদের হৃদয় ছুঁয়ে যাবে এবং তাদের জীবনের কঠিন সত্যগুলো নিয়ে নতুন করে ভাবাবে। নাটকটি উপভোগ করতে আগামী শনিবার লেজার ভিশনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে চোখ রাখুন।