• সোমবার, ০১ জুন ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন

বিতর্কের মুখে মিস ইউনিভার্স ছাড়ল ফ্রান্স

ডেস্ক নিউজ / ২৫ পঠিত
আপডেট : শনিবার, ৩০ মে, ২০২৬

মিস ইউনিভার্স ২০২৬ আসরে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে ফ্রান্স। প্রতিযোগিতার সাম্প্রতিক কার্যক্রম ও ব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ প্রকাশ করেই এই সিদ্ধান্ত নিয়েছে দেশটির মিস ফ্রান্স সংগঠন।

১৯৫২ সাল থেকে নিয়মিতভাবে অংশগ্রহণ করে আসা ফ্রান্স এবারই প্রথমবারের মতো মিস ইউনিভার্স মঞ্চ থেকে নিজেদের সরিয়ে নিচ্ছে।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে মিস ফ্রান্স কর্তৃপক্ষ জানায়, প্রতিযোগিতার বর্তমান কাঠামো তাদের মূল্যবোধ ও নীতির সঙ্গে আর সামঞ্জস্যপূর্ণ নয়।

বিবৃতিতে বলা হয়, মিস ফ্রান্স কোম্পানি ২০২৬ সালের মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এটি আমাদের পরিচয়, মূল্যবোধ এবং অঙ্গীকারের প্রতি বিশ্বস্ত থাকার একটি অবস্থান।

সংগঠনটির দাবি, সাম্প্রতিক বছরগুলোতে প্রতিযোগিতার পরিচালনা ও দিকনির্দেশনায় একাধিক অসঙ্গতি দেখা গেছে। বিশেষ করে ২০২৫ সালের আসরে ব্যবস্থাপনাগত ত্রুটি ও অনিয়ম তাদের উদ্বেগ আরও বাড়িয়েছে।

তবে এই সিদ্ধান্ত স্থায়ী নয় বলেও জানানো হয়েছে। পরিস্থিতি উন্নত হলে ভবিষ্যতে আবারও মিস ইউনিভার্সে ফেরার সম্ভাবনা খোলা রাখা হয়েছে।

মিস ফ্রান্সের সভাপতি ফ্রেদেরিক জিলবেয়ার বলেন, মিস ইউনিভার্স দীর্ঘদিন ধরে ফ্রান্সের জন্য আন্তর্জাতিক পরিচিতির একটি গুরুত্বপূর্ণ মঞ্চ ছিল। তবে নিজেদের প্রতিযোগিতার স্বাতন্ত্র্য ও নীতিগত অবস্থান রক্ষা করাই এখন প্রধান অগ্রাধিকার।

তিনি আরও জানান, ভবিষ্যতে মিস ইউনিভার্সের কার্যক্রম ও পরিবর্তনগুলো তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন।

ফ্রান্সের এই সিদ্ধান্ত আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতার অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। দীর্ঘদিনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশগ্রহণকারীর সরে দাঁড়ানোকে অনেকেই বড় ধরনের ধাক্কা হিসেবে দেখছেন। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি মিস ইউনিভার্স কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category