দাম্পত্য জীবনের ৪২ বছর পূর্ণ করলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা অনিল কাপুর ও তার স্ত্রী সুনীতা কাপুর। বিশেষ এই দিনে স্ত্রীকে নিয়ে আবেগঘন এক বার্তা দিয়েছেন অভিনেতা, যেখানে উঠে এসেছে তাদের দীর্ঘ পথচলার গল্প, ভালোবাসা আর ত্যাগের স্মৃতি।
সামাজিক যোগাযোগমাধ্যমে অনিল কাপুর জানান, তাদের বিয়েতে ছিল না কোনো আড়ম্বর কিংবা বড় আয়োজন। মাত্র ৩০ মিনিটেই সম্পন্ন হয়েছিল বিয়ের আনুষ্ঠানিকতা। এমনকি বিয়ের পর মধুচন্দ্রিমায় যাওয়ার সুযোগও হয়নি তাদের। তবে সেই সাধারণ শুরুই ধীরে ধীরে রূপ নেয় চার দশকের বেশি সময়ের এক গভীর সম্পর্কে।
অনিল লিখেছেন, ‘কে ভেবেছিল মাত্র ৩০ মিনিটের বিয়ে ৪২ বছরের দাম্পত্যজীবনে রূপ নেবে!’
স্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অভিনেতা বলেন, জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সুনীতা ছিলেন তার সবচেয়ে বড় শক্তি। ক্যারিয়ারের কঠিন সময়গুলোতে তিনিই সাহস জুগিয়েছেন, পাশে থেকেছেন নির্ভরতার জায়গা হয়ে।
অনিলের ভাষায়, তোমার কারণেই আমি জীবনে ঝুঁকি নিতে পেরেছি, নিজের স্বপ্নের পেছনে ছুটতে পেরেছি। কারণ আমি জানতাম, তুমি সবকিছু সামলে রাখবে।
জানা যায়, বলিউডে নিজের অবস্থান তৈরি করার সংগ্রামের সময়ই সুনীতার সঙ্গে পরিচয় হয় অনিল কাপুরের। সে সময় সুনীতা ছিলেন পরিচিত মডেল। বন্ধুর কাছ থেকে তার ফোন নম্বর সংগ্রহ করার পর শুরু হয় কথোপকথন, তারপর বন্ধুত্ব, প্রেম এবং পরিণয়ে পৌঁছাতে সময় লাগে প্রায় পাঁচ বছর।
১৯৮৪ সালের ১৯ মে বিয়ে করেন তারা। বিয়ের পর শুধু সংসারই নয়, অনিল কাপুরের স্টাইলিং ও পোশাক নির্বাচনের দায়িত্বও নিজের কাঁধে তুলে নেন সুনীতা। পরিবার ও সন্তানদের সময় দিতে ধীরে ধীরে নিজেকে সরিয়ে নেন মডেলিং থেকেও।
দীর্ঘ এই পথচলায় স্ত্রীর অবদান স্মরণ করে অনিল বলেন, কাজের প্রয়োজনে বাইরে থাকলেও সুনীতা তার পরিবারের পাশে থেকেছেন সবসময়। বিশেষ করে মায়ের প্রতি তার যত্ন ও দায়িত্ববোধ আজও তাকে আবেগাপ্লুত করে।
সবশেষে অভিনেতা জানান, সুনীতাকে ছাড়া নিজের জীবন কল্পনাই করতে পারেন না তিনি। তার কাছে স্ত্রী শুধু জীবনসঙ্গী নন, সবচেয়ে কাছের বন্ধু এবং জীবনের সবচেয়ে বড় ভরসার জায়গা।