• সোমবার, ০১ জুন ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন

ঈদে ওটিটিতে মৌয়ের রহস্যঘেরা ‘সারার সংসার’

ডেস্ক নিউজ / ৪০ পঠিত
আপডেট : শুক্রবার, ১৫ মে, ২০২৬

ঈদুল আজহাকে সামনে রেখে নতুন ওয়েব ফিল্ম ‘সারার সংসার’ নিয়ে হাজির হচ্ছেন সাদিয়া ইসলাম মৌ। ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন–এ মুক্তি পেতে যাওয়া এই চলচ্চিত্রের প্রথম পোস্টার প্রকাশের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে এর মুক্তির খবর।

চলচ্চিত্রটি পরিচালনা করেছেন আকা রেজা গালিব। গল্পের মূল অনুপ্রেরণা এসেছে প্রখ্যাত লেখক কাজী আনোয়ার হোসেন–এর জনপ্রিয় উপন্যাস ‘আর্তনাদ’ থেকে। তবে মূল গল্পের সময়কাল ও আবহ ধরে রেখে বর্তমান প্রজন্মের দর্শকদের উপযোগী করে নতুনভাবে সাজানো হয়েছে পুরো চিত্রনাট্য। এই রূপান্তরের কাজ করেছেন মাসুমা মায়মুর।

ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ওয়েব ফিল্মটি পারিবারিক গল্পের আবরণে নির্মিত হলেও এর ভেতরে রয়েছে রহস্য, মানসিক দ্বন্দ্ব এবং থ্রিলারের টানটান আবহ।

গল্পের কেন্দ্রীয় চরিত্র ‘সারা’র ভূমিকায় দেখা যাবে সাদিয়া ইসলাম মৌকে। পরিবারের সম্মান রক্ষা করতে গিয়ে এক ভয়াবহ ঘটনার মধ্যে জড়িয়ে পড়েন তিনি। এক রাতে মেয়ের গোপন প্রেমিককে হত্যা করার পর পরিস্থিতি সামাল দিতে লাশ গোপন করার সিদ্ধান্ত নেন সারা। কিন্তু নিখোঁজের তদন্ত শুরু হতেই একের পর এক জটিলতা সামনে আসতে থাকে। ধীরে ধীরে বিপদের বৃত্ত আরও সংকুচিত হতে থাকে তার চারপাশে।

চলচ্চিত্রটিতে আরও অভিনয় করেছেন গাজী রাকায়েত, রাশেদ মামুন অপু, নাফিস আহমেদ, নাফিসা মালিয়াত প্রমি এবং ইহতেশাম আহমেদ টিংকু।

নির্মাতা আকা রেজা গালিব জানান, গল্পটি পারিবারিক আবহে এগোলেও এর থ্রিলার উপাদান দর্শকদের আলাদা অভিজ্ঞতা দেবে। সময়ের সঙ্গে সামঞ্জস্য রাখতে কিছু চরিত্র ও প্লটে পরিবর্তন আনা হয়েছে। তিনি বলেন, পুরো প্রক্রিয়াটি কাজী আনোয়ার হোসেনের পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করেই সম্পন্ন করা হয়েছে।

একই সঙ্গে কাজী আনোয়ার হোসেনের সাহিত্যভুবন নিয়েও কথা বলেন নির্মাতা। তার মতে, অনেকেই লেখককে শুধু ‘মাসুদ রানা’র মধ্যেই সীমাবদ্ধ করে দেখেন, অথচ তার আরও অনেক শক্তিশালী গল্প রয়েছে। ‘সারার সংসার’ তেমনই একটি গল্প, যেখানে পরিবার, আবেগ, অপরাধবোধ ও রহস্য একসঙ্গে মিলেমিশে তৈরি করেছে ভিন্নধর্মী এক সিনেম্যাটিক অভিজ্ঞতা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category