• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন

গুজব নিয়ে মুখ খুললেন ‘আশিকি’ খ্যাত রাহুল রায়

ডেস্ক নিউজ / ১১ পঠিত
আপডেট : সোমবার, ৪ মে, ২০২৬

‘আশিকি’ সিনেমার মাধ্যমে নব্বইয়ের দশকে তুমুল জনপ্রিয়তা পাওয়া বলিউড অভিনেতা রাহুল রায়কে ঘিরে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নানা গুজব ও আলোচনা ছড়িয়ে পড়ে। ২০২০ সালে কারগিলে শুটিং চলাকালীন স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর দীর্ঘ সময় তাকে চিকিৎসা ও পুনর্বাসনের মধ্য দিয়ে যেতে হয়। সেই সময় থেকেই তার স্বাস্থ্য ও জীবনযাপন নিয়ে ভক্তদের মধ্যে বাড়তি আগ্রহ রয়েছে।

সম্প্রতি কিছু রিলস ও পুরোনো ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ার পর অনেকেই তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এমনকি কেউ কেউ আর্থিক সংকটের কথাও দাবি করেন। এসব নিয়ে যখন আলোচনা তুঙ্গে, তখন অবশেষে নীরবতা ভাঙেন এই অভিনেতা।

সব ধরনের গুজব উড়িয়ে দিয়ে রাহুল রায় স্পষ্টভাবে জানান, তিনি সুস্থ ও নিরাপদে আছেন। তার ভাষায়, “আমি ভালো আছি, নিরাপদে আছি। যারা আমার নিয়ে ভুল তথ্য ছড়াচ্ছে, তাদের উদ্দেশ্যেই এই বার্তা।”

তিনি আরও জানান, বর্তমানে তিনি তার বোন প্রিয়াঙ্কা এবং দুলাভাই রোমেন সেনের সঙ্গে থাকেন, যারা তার দেখাশোনা করেন। তাদের একটি পারিবারিক বাড়িও রয়েছে। পাশাপাশি তার জমজ ভাই রোহিত রায় কানাডায় থাকায় দীর্ঘদিন দেখা হয়নি বলেও উল্লেখ করেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলো নিয়েও ক্ষোভ প্রকাশ করেন এই অভিনেতা। তার দাবি, সেগুলো বিভ্রান্তিকর। তিনি বলেন, তার জীবন স্বাভাবিকভাবেই চলছে, প্রয়োজনীয় সব কিছুই রয়েছে এবং তিনি কোনোভাবেই অসহায় অবস্থায় নেই।

সাদামাটা জীবনযাপন নিয়েও কথা বলেন রাহুল রায়। তার মতে, এটি তার ব্যক্তিগত পছন্দ, কোনো আর্থিক সংকটের ফল নয়। তিনি জানান, তিনি বডিগার্ড ছাড়া চলাফেরা করেন, কখনো কখনো অটো ব্যবহার করেন, কারণ এটি তার কাছে সহজ ও স্বাচ্ছন্দ্যের।

রিলস ও মিউজিক ভিডিওতে কাজ করা নিয়েও নিজের অবস্থান পরিষ্কার করেন তিনি। তার মতে, যেসব কাজ তিনি করেছেন, তা কোনো উদ্দেশ্যপ্রণোদিত নয়, বরং কাজের সুযোগ হিসেবেই গ্রহণ করেছেন।

ভক্তদের উদ্দেশে সতর্কবার্তাও দেন রাহুল রায়। তিনি অনুরোধ করেন, কোনো সাহায্যের নামে যদি তার নাম ব্যবহার করে অর্থ সংগ্রহের চেষ্টা করা হয়, তাহলে তা যাচাই ছাড়া বিশ্বাস না করতে।

সবশেষে আশাবাদ জানিয়ে তিনি বলেন, ভালো কাজের সুযোগ পেলে আবারও বড় পর্দায় ফিরতে চান। আপাতত তিনি নিজের বর্তমান কাজ ও জীবন নিয়ে স্বাভাবিকভাবেই এগিয়ে যাচ্ছেন।

উল্লেখ্য, ‘আশিকি’র সাফল্যের পর ‘গেম’, ‘নাসিব’, ‘জুনুন’, ‘ফির কাভি’, ‘জনম’, ‘স্বপ্নে সাজন কে’সহ একাধিক সিনেমায় অভিনয় করেন রাহুল রায়। সর্বশেষ ২০২৩ সালে মুক্তি পায় তার সিনেমা ‘আগ্রা’।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category