‘কাঁচা বাদাম’ গানে নাচের রিল দিয়ে রাতারাতি পরিচিতি পাওয়া অঞ্জলি অরোরা এবার অভিনয়জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জে। সামাজিক যোগাযোগমাধ্যমের ভাইরাল তারকা থেকে তিনি হাজির হচ্ছেন দেবী সীতার চরিত্রে, ‘মহাকাব্য শ্রী রামায়ণ কথা’ সিনেমার মাধ্যমে।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, গত মঙ্গলবার (১৮ আগস্ট) প্রকাশিত ৯০ সেকেন্ডের ট্রেলারেই শুরু হয়েছে তুমুল আলোচনা। ট্রেলারে রামের ভূমিকায় দেখা গেছে দেব শর্মাকে, আর সীতা হয়েছেন অঞ্জলি অরোরা।
ট্রেলারে রাম-সীতার বিয়ে, বনবাস, প্রেম, সীতাহরণ এবং রামসেতু নির্মাণের প্রস্তুতির মতো গুরুত্বপূর্ণ অধ্যায় তুলে ধরা হয়েছে। তবে গল্পের চেয়ে বেশি আলোচনায় এসেছে সিনেমাটির ভিজ্যুয়াল ইফেক্টস (ভিএফএক্স)। প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ট্রল ও সমালোচনায় সরব হয়েছেন দর্শক। কেউ লিখেছেন, নির্মাতাদের সাহস সত্যিই প্রশংসনীয়! আবার কেউ ব্যঙ্গ করে মন্তব্য করেছেন, এবার অনেকে বলবে, এর ভিএফএক্স-ই নাকি ভালো!
শুধু ভিএফএক্স নয়, অঞ্জলিকে সীতার চরিত্রে নেওয়াও প্রশ্ন তুলেছে অনেকের মনে। কারণ একই সময়ে রণবীর কাপুর ও সাই পল্লবী অভিনীত বহুল প্রতীক্ষিত রামায়ণ নিয়েও দর্শকদের আগ্রহ তুঙ্গে। ফলে দুই সিনেমার তুলনা শুরু হওয়াটা অনেকটাই স্বাভাবিক হয়ে উঠেছে।
তবে এ তুলনা নিয়ে আগেই নিজের অবস্থান স্পষ্ট করেছিলেন অঞ্জলি। ২০২৪ সালে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, সাই পল্লবীর মতো প্রতিষ্ঠিত অভিনেত্রীর সঙ্গে তুলনা হবেই, আর সেটিকে তিনি ইতিবাচকভাবেই দেখেন।
উল্লেখ্য, লক আপ সিজন ১-এ অংশ নেওয়ার পর আরও জনপ্রিয়তা পান অঞ্জলি অরোরা। এবার মহাকাব্য শ্রী রামায়ণ কথা দিয়ে বড় পর্দায় অভিষেক হচ্ছে তার। অভিষেক সিং পরিচালিত সিনেমাটি মুক্তি পাবে আগামী ২৫ সেপ্টেম্বর। এতে আরও অভিনয় করেছেন শীল ভার্মা, রাজনীশ দুগ্গল ও নির্ভয় ওয়াধওয়া। তবে রাবণ ও হনুমানের চরিত্রে কারা অভিনয় করছেন, তা এখনো গোপন রেখেছেন নির্মাতারা।