চলচ্চিত্র অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। মাত্র ২৭ বছর বয়সেই মারা গেছেন বলিউড অভিনেত্রী অনন্যা রাজ। গত ১৫ জুলাই ঘুমের মধ্যেই তার মৃত্যু হয়। তবে অভিনেত্রীর মৃত্যুর খবরটি এতদিন গোপন রেখেছিল পরিবার। প্রায় এক মাস পর রোববার (১৬ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি প্রকাশ্যে আনে তারা।
অনন্যার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেওয়া এক বিবৃতিতে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, এক বছরেরও বেশি সময় ধরে শারীরিক ও মানসিক নানা সমস্যার সঙ্গে লড়াই করছিলেন এই অভিনেত্রী। প্রতিকূলতার মধ্যেও জীবনের শেষ দিন পর্যন্ত সাহসের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করেছেন তিনি।
তরুণ এই অভিনেত্রীর আকস্মিক মৃত্যুতে শোক জানিয়েছে অল ইন্ডিয়ান সাইন ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (এআইসিডব্লিউএ)। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, অনন্যার চলে যাওয়া শুধু তার পরিবারের জন্য নয়, পুরো চলচ্চিত্র অঙ্গনের জন্যই বড় ক্ষতি।
অভিনয় ক্যারিয়ারে বেশ কয়েকটি সিনেমায় কাজ করেছেন অনন্যা রাজ। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘সেভেন আওয়ার্স টু গো’, ‘দ্য ফাইনাল এক্সিট’ ও ‘ঘোস্ট’। তেলুগু ভাষার থ্রিলার সিনেমা ‘থাগগেদে লে’ এবং ত্রিভাষিক চলচ্চিত্র ‘মাদরাসি গ্যাং’-এও অভিনয় করেছেন তিনি।
অনন্যার মৃত্যুর পর তার আত্মার শান্তি কামনায় সবার কাছে দোয়া চেয়েছে পরিবার। একই সঙ্গে শোকের এই সময়ে পরিবারের ব্যক্তিগত গোপনীয়তা ও অনুভূতির প্রতি সম্মান দেখানোর অনুরোধ জানানো হয়েছে।