মানুষ আর কুকুরের নিঃস্বার্থ সম্পর্ককে কেন্দ্র করে নির্মিত হয়েছে বলিউডের নতুন সিনেমা ‘ওহ মাই ডগ’। অমিত রাই পরিচালিত ছবিটি শুক্রবার ভারতজুড়ে মুক্তি পাচ্ছে। মুক্তির আগে প্রকাশিত ট্রেলার ইতোমধ্যেই দর্শকদের নজর কেড়েছে। আবেগঘন গল্পের সঙ্গে রহস্য ও রোমাঞ্চের মিশেলে তৈরি হয়েছে ছবির কাহিনি।
ট্রেলারে দেখা যায়, আসামের ১৪ বছর বয়সী কিশোর অপু তার প্রিয় কুকুর মোমোকে অপহরণকারীদের হাত থেকে ফিরিয়ে আনতে মরিয়া হয়ে ওঠে। একই সময়ে বিহারে অস্কার নামের একটি কুকুর নিজের অপহৃত কিশোর মালিককে খুঁজে পেতে প্রাণপণ চেষ্টা চালায়। দুই ভিন্ন প্রান্তের এই দুটি গল্প একসময় এসে মিশে যায় মানুষ ও প্রাণীর অটুট বন্ধন এবং নিঃস্বার্থ ভালোবাসার এক আবেগঘন যাত্রায়।
গল্পের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো কুকুর পাচার চক্র। একটি নিখোঁজ কুকুরের তদন্ত করতে গিয়ে উন্মোচিত হতে থাকে ভয়ংকর সেই অপরাধজগতের নানা অজানা তথ্য, যা ছবির রহস্য ও উত্তেজনাকে আরও বাড়িয়ে তোলে।
ছবিতে পঙ্কজ ত্রিপাঠির সঙ্গে অভিনয় করেছেন মাহি রাই, গীতা আগরওয়াল শর্মা, রাজেশ কুমার, পবন মালহোত্রাসহ আরও অনেকে। বিশেষ আকর্ষণ হিসেবে পর্দায় দেখা যাবে অস্কার ও ব্রুনো নামের দুই প্রশিক্ষিত কুকুরকে। পাশাপাশি বিভিন্ন দৃশ্যে অংশ নিয়েছে ২৫০টিরও বেশি কুকুর, যা ছবিটিকে আরও বাস্তব ও ব্যতিক্রমী করে তুলেছে।