• শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন

নতুন ইংরেজি সিনেমা ‘ডিটেকটিভ’ নিয়ে ফিরছেন ধীমন

এম.আর.জে শান্ত / ৩৮ পঠিত
আপডেট : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

বাংলা চলচ্চিত্রের পাশাপাশি ইংরেজি সিনেমা নির্মাণেও নিজের অবস্থান তৈরি করতে কাজ করছেন নির্মাতা ও অভিনেতা বড়ুয়া মনোজিত ধীমন। গত বছর তাঁর প্রযোজনা ও অভিনয়ে মুক্তি পায় পূর্ণদৈর্ঘ্য ইংরেজি চলচ্চিত্র ‘ডট’। এবার নতুন ইংরেজি সিনেমা ‘ডিটেকটিভ’ নিয়ে আসছেন তিনি। ছবিটির পরিচালনার পাশাপাশি অভিনয়ও করছেন ধীমন। ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে এর আনুষ্ঠানিক পোস্টার। বর্তমানে কক্সবাজারে চলছে সিনেমাটির প্রথম লটের শুটিং।

ধীমনের আগের ইংরেজি চলচ্চিত্র ‘ডট’ মুক্তি পেয়েছিল গত বছরের ৫ সেপ্টেম্বর। দুই ঘণ্টা আট মিনিট ব্যাপ্তির ছবিটি যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে মুক্তির পাশাপাশি অংশ নেয় বেশ কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। সেই অভিজ্ঞতার পর এবার নতুন গল্প নিয়ে নির্মাণে নেমেছেন এই নির্মাতা।

এন আই মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত হচ্ছে ‘ডিটেকটিভ’। ছবিটি প্রযোজনা করছেন মো. নজরুল ইসলাম। পরিচালনা ও অভিনয়ের দায়িত্বে থাকা ধীমন এবার দর্শকদের সামনে নতুন একটি জুটি উপস্থাপনের পরিকল্পনা করেছেন। তবে সেই জুটিতে কারা অভিনয় করছেন, সে বিষয়ে এখনো বিস্তারিত জানানো হয়নি।

কক্সবাজারের বিভিন্ন মনোরম লোকেশনে চলছে ছবিটির প্রথম পর্যায়ের দৃশ্য ধারণ। শুটিংয়ের অগ্রগতি অনুযায়ী পরবর্তী কাজ এগিয়ে নেওয়া হবে। সবকিছু পরিকল্পনামাফিক চললে আগামী বছরের শুরুতে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে ‘ডিটেকটিভ’।

এক ইংরেজি চলচ্চিত্রের পর একই ভাষায় দ্বিতীয় সিনেমা নির্মাণের উদ্যোগ ধীমনের চলচ্চিত্রযাত্রায় নতুন সংযোজন। ‘ডট’-এর পর ‘ডিটেকটিভ’ দিয়ে তিনি কতটা দর্শক আগ্রহ তৈরি করতে পারেন, তা জানতে অপেক্ষা করতে হবে ছবিটির মুক্তি পর্যন্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ