দীর্ঘ সাত বছরের অপেক্ষার পর অবশেষে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৮ আগস্ট। দীর্ঘদিনের অচলাবস্থার অবসান ঘটিয়ে নির্বাচন আয়োজনের ঘোষণায় চলচ্চিত্রাঙ্গনে ফিরেছে নতুন প্রাণচাঞ্চল্য।
আসন্ন নির্বাচনকে ঘিরে সভাপতি পদে প্রার্থী হওয়ার আলোচনায় ছিলেন আলোচিত চলচ্চিত্র ‘প্রিয়তমা’র প্রযোজক আরশাদ আদনান। তবে শেষ পর্যন্ত তিনি নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
বৃহস্পতিবার (২৫ জুন) এ বিষয়ে আরশাদ আদনান বলেন, “নির্বাচন না করার সিদ্ধান্তটি একান্তই আমার ব্যক্তিগত। আমি আশা করি, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রযোজকরা তাদের ভোটের মাধ্যমে যোগ্য নেতৃত্ব নির্বাচন করবেন। সবার জন্য আমার শুভকামনা রইল।”
‘সুলতানা বিবিয়ানা’, ‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’ ছবির এই প্রযোজকের সরে দাঁড়ানোর সিদ্ধান্তের মধ্যেও নির্বাচনকে ঘিরে চলচ্চিত্র অঙ্গনে উৎসাহ-উদ্দীপনা কমেনি। পরিচালক, শিল্পী, প্রযোজক ও প্রদর্শকদের মধ্যে দীর্ঘদিন পর সংগঠনটির কার্যক্রম পুনরায় সক্রিয় হওয়ার আশাবাদ তৈরি হয়েছে।
সংশ্লিষ্টদের মতে, নিয়মিত ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতৃত্ব নির্বাচিত হলে সংগঠনটি চলচ্চিত্র শিল্পের বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে।
উল্লেখ্য, বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির সর্বশেষ দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৯ সালের ২৭ জুলাই। এরপর ভোটার তালিকা নিয়ে বিরোধ, আইনি জটিলতা এবং সাংগঠনিক নানা সমস্যার কারণে টানা সাত বছর নির্বাচন আয়োজন সম্ভব হয়নি।
দীর্ঘ বিরতির পর চলচ্চিত্রের ‘মাদার অর্গানাইজেশন’ হিসেবে পরিচিত এই সংগঠনের নির্বাচনকে দেশের চলচ্চিত্র শিল্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।