• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন

গুরুতর অসুস্থতায় শোবিজে অনিশ্চিত তানিয়া বৃষ্টি

ডেস্ক নিউজ / ২৭ পঠিত
আপডেট : সোমবার, ৪ মে, ২০২৬

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি দীর্ঘদিন ধরে গুরুতর শারীরিক জটিলতার সঙ্গে লড়ছেন। মস্তিষ্কে টিউমার ধরা পড়ার পর অল্প সময়ের ব্যবধানে তার দুই দফা অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিশ্রামে আছেন।

তার শারীরিক অবস্থা নিয়ে ভক্তদের মধ্যে উদ্বেগ থাকলেও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানানো হয়েছে, তিনি ধীরে ধীরে সুস্থতার পথে এগোচ্ছেন। সেখানে তার দ্রুত আরোগ্যের জন্য সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।

চলতি বছরের শুরুতেই তার ব্রেইন টিউমার শনাক্ত হয়। এরপর ১৪ ফেব্রুয়ারি ঢাকার একটি বিশেষায়িত হাসপাতালে তার প্রথম অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়। পরবর্তীতে শারীরিক জটিলতা দেখা দিলে উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়, যেখানে দ্বিতীয় দফা অস্ত্রোপচারও সফলভাবে শেষ হয় বলে জানা গেছে।

২০১২ সালে একটি সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করেন তানিয়া বৃষ্টি। এরপর টেলিভিশন নাটকে নিয়মিত কাজ করে জনপ্রিয়তা পান তিনি। ২০১৫ সালে ‘ঘাসফুল’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তার।

পরবর্তীতে একাধিক চলচ্চিত্রে কাজ করলেও নাটকেই বেশি পরিচিতি পান এই অভিনেত্রী। ২০১৯ সালে মুক্তি পাওয়া ‘গোয়েন্দাগিরি’ ছিল তার সর্বশেষ চলচ্চিত্র।

দীর্ঘ বিরতির পর রায়হান খানের পরিচালনায় ‘ট্রাইব্যুনাল’ সিনেমার মাধ্যমে আবারও বড় পর্দায় ফেরার কথা ছিল তার। তবে আপাতত সব পরিকল্পনা থেমে আছে তার শারীরিক অবস্থার কারণে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category