• শুক্রবার, ১৫ মে ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন

‘কন্ট্রাক্ট ম্যারেজ’ ঘিরে মৌসুমী-ওমর সানীর আপত্তি, মুক্তির আগে বিতর্ক

ডেস্ক নিউজ / ৩৬ পঠিত
আপডেট : রবিবার, ৩ মে, ২০২৬

বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে চিত্রনায়িকা মৌসুমি অভিনীত নতুন সিনেমা ‘কন্ট্রাক্ট ম্যারেজ’। হাসান জাহাঙ্গীর পরিচালিত এই ছবিটি বিদেশে এক নারীর স্বামী থাকা অবস্থায় দ্বিতীয় বিয়ে এবং সেই সিদ্ধান্ত ঘিরে তৈরি হওয়া জটিল সম্পর্কের গল্প তুলে ধরেছে।

তবে মুক্তির আগেই সিনেমাটি ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। এ বিষয়ে প্রকাশ্যে আপত্তি জানিয়েছেন অভিনেত্রী মৌসুমী এবং তার স্বামী চিত্রনায়ক ওমর সানী।

রোববার দুপুরে দেওয়া এক ভিডিও বার্তায় ওমর সানী দাবি করেন, ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ মূলত একটি নাটক হিসেবে শুটিং করা হয়েছিল, সিনেমা হিসেবে নয়। তার ভাষায়, আমেরিকায় শুটিং হওয়া এই কাজটিতে মৌসুমী অভিনয় করেছিলেন এবং পরে সেটিকে ভিন্নভাবে উপস্থাপন করা হচ্ছে, যা তিনি মেনে নিতে পারছেন না। তিনি বিষয়টি বন্ধের অনুরোধও জানান।

একই ভিডিওতে মৌসুমীও নিজের অবস্থান তুলে ধরেন। তিনি জানান, এটি মূলত এক ঘণ্টার একটি নাটক ছিল, যা পরে আমেরিকায় শুটিং করা হয়। কাজটি করতে তিনি পরিচালকের অনুরোধে রাজি হন এবং পরবর্তীতে বাড়তি শুটিংও করেন।

মৌসুমীর অভিযোগ, পরে তাকে জানানো হয় ফুটেজ বেশি হওয়ায় এটি টেলিফিল্ম হিসেবে মুক্তি দেওয়া হবে। সে সময় পারিশ্রমিক নিয়েও আলোচনা হয়েছিল বলে তিনি জানান। কিন্তু শেষ পর্যন্ত তিনি জানতে পারেন, কাজটি সিনেমা হিসেবে মুক্তির প্রস্তুতি নিচ্ছে এবং সেন্সর সার্টিফিকেটও পেয়েছে, যা তাকে অবাক করেছে।

অভিনেত্রী আরও বলেন, তার অনুমতি ছাড়াই কাজটি ভিন্নভাবে উপস্থাপন করা হচ্ছে এবং এতে তাকে অজ্ঞাতভাবে ব্যবহার করা হয়েছে, যা তিনি দুঃখজনক বলে মনে করেন। তিনি আশা প্রকাশ করেন, বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট শিল্পী, প্রযোজক ও পরিচালক সমিতি যথাযথ পদক্ষেপ নেবে।

এদিকে ওমর সানী জানিয়েছেন, তিনি বিষয়টি নিয়ে আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন এবং ইতোমধ্যে সংশ্লিষ্ট সমিতিগুলোর কাছে চিঠিও দিয়েছেন।

আগামী ১৫ মে দেশের প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category