পোশাক কারখানার ফেলে দেওয়া কাপড়ের টুকরো ঘিরে গড়ে ওঠা ব্যবসা শুধু অর্থের লেনদেনেই সীমাবদ্ধ নয়, এর সঙ্গে জড়িয়ে আছে ক্ষমতা, প্রভাব বিস্তার ও নানা ধরনের সংঘাত। এমন এক বাস্তবতাকে সিনেমার গল্পে তুলে ধরেছেন নির্মাতা ইফফাত জাহান মম। তাঁর নির্মিত ‘কাট-পিস’ মুক্তি পাচ্ছে আসন্ন পূজায়।
আগামী ১৬ অক্টোবর দেশের মাল্টিপ্লেক্সের পাশাপাশি সিঙ্গেল-স্ক্রিন প্রেক্ষাগৃহেও দেখা যাবে সিনেমাটি। এরই মধ্যে মুক্তির তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন নির্মাতারা।
‘কাট-পিস’-এ ঝুট ব্যবসাকে কেন্দ্র করে তৈরি হওয়া একাধিক সম্পর্ক ও দ্বন্দ্বের গল্প উঠে এসেছে। অর্থের সঙ্গে ক্ষমতার যোগসূত্র, ব্যবসার নিয়ন্ত্রণকে ঘিরে আধিপত্যের লড়াই এবং সেই লড়াই থেকে তৈরি হওয়া সংঘাত—এসবই সিনেমাটির গল্পের গুরুত্বপূর্ণ অংশ।
ব্ল্যাক পেপার ফিল্মসের ব্যানারে নির্মিত সিনেমাটির পরিচালক ও প্রযোজক ইফফাত জাহান মম। অভিনয়শিল্পীদের তালিকায় রয়েছেন শিফাত আমিন শুভ, নানজীবা তোরসা, ইমরান আহমেদ সওদাগর, বাপ্পী আশরাফ, সাইফুল কবির ও এলিনা শাম্মীসহ অনেকে।
এর আগে পোস্টার প্রকাশের মধ্য দিয়ে সিনেমাটির আগমনের আভাস দিয়েছিল প্রযোজনা প্রতিষ্ঠানটি। তখন মুক্তির নির্দিষ্ট দিন জানানো হয়নি। এবার সেই অপেক্ষার অবসান ঘটিয়ে ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তির ঘোষণা এসেছে।
নির্মাতা ইফফাত জাহান মমর কাছে ঝুট ব্যবসার বিষয়টি শুধু একটি ব্যবসার গল্প নয়। তাঁর ভাষায়, গার্মেন্টের ঝুট ব্যবসা আমাদের শহরের খুব পরিচিত একটি বাস্তবতা। কিন্তু এই ব্যবসার ভেতরের মানুষ, তাদের অর্থনৈতিক ও ক্ষমতার সম্পর্ক এবং সেই জগতের সংঘাতকে মূলধারার সিনেমার গল্প হিসেবে তুলে ধরার জায়গাটা আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে। সেই জায়গা থেকেই ‘কাট-পিস’ নির্মাণের শুরু।