• শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন

প্রীতি জিনতার সঙ্গে প্রেমের গুঞ্জনে পানি ঢাললেন ব্রেট লি

ডেস্ক নিউজ / ৪৮ পঠিত
আপডেট : বুধবার, ৫ আগস্ট, ২০২৬

বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা ও অস্ট্রেলিয়ার সাবেক গতিতারকা ব্রেট লিকে ঘিরে একসময় কম আলোচনা হয়নি। বিশেষ করে আইপিএলের শুরুর দিকের মৌসুমগুলোতে দুজনের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। তবে এতদিন পর সেই আলোচিত জল্পনা নিয়ে মুখ খুলে সব গুঞ্জন উড়িয়ে দিয়েছেন ব্রেট লি।

সম্প্রতি বম্বে টাইমস-কে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রেট লি বলেন, তিনি কখনোই কোনো বলিউড অভিনেত্রীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়াননি। প্রীতি জিনতার প্রসঙ্গ টেনে তিনি জানান, তাদের সম্পর্ক সবসময়ই বন্ধুত্বের ছিল এবং এখনও সেই বন্ধুত্ব অটুট রয়েছে।

ব্রেট লির ভাষ্য, তৎকালীন কিংস ইলেভেন পাঞ্জাবের মালিক প্রীতি জিনতা একজন অত্যন্ত বুদ্ধিমতী মানুষ। তার প্রতি সবসময়ই শ্রদ্ধা ছিল। তাই বিভিন্ন সময় তাদের নিয়ে যেসব প্রেমের খবর প্রকাশিত হয়েছে, সেগুলোকে তিনি গুরুত্ব দেননি। কারণ, সত্যটা তিনি জানতেন এবং এসব গুঞ্জনকে কখনোই নিজের মানসিক শান্তির ওপর প্রভাব ফেলতে দেননি।

২০০৮ থেকে ২০১১ সালের মধ্যে আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে খেলেছিলেন ব্রেট লি। সেই সময় দলের মালিক প্রীতি জিনতার সঙ্গে তাকে একাধিক অনুষ্ঠানে এবং প্রকাশ্যে দেখা যায়। মুম্বাইয়ের একটি রেস্তোরাঁয় একসঙ্গে উপস্থিত হওয়ার পর থেকেই দুজনকে ঘিরে প্রেমের গুঞ্জন আরও জোরালো হয়ে ওঠে।

যদিও সে সময়ই প্রীতি জিনতা সামাজিক যোগাযোগমাধ্যমে স্পষ্ট করে জানিয়েছিলেন, ব্রেট লির সঙ্গে তার প্রেমের খবর একেবারেই ভিত্তিহীন। প্রতি বছর একই গুঞ্জন নতুন করে সামনে আসে বলে মন্তব্য করে তিনি লিখেছিলেন, তারা কেবল ভালো বন্ধু।

বর্তমানে দুজনই নিজেদের ব্যক্তিগত জীবন নিয়ে সুখে আছেন। ব্রেট লি স্ত্রী লানা অ্যান্ডারসনের সঙ্গে সংসার করছেন এবং দুই সন্তানের বাবা। অন্যদিকে প্রীতি জিনতা স্বামী জিন গুডএনাফকে নিয়ে পারিবারিক জীবন উপভোগ করছেন।

এদিকে দীর্ঘ বিরতির পর আবারও রুপালি পর্দায় ফিরছেন প্রীতি জিনতা। রাজকুমার সন্তোষীর নতুন সিনেমা ‘বাটোয়ারা ১৯৪৭’-এ তাকে দেখা যাবে সানি দেওল ও শাবানা আজমির সঙ্গে। পাশাপাশি কুণাল খেমুর পরিচালনায় ‘ভাইব’নামের নতুন চলচ্চিত্রেও অভিনয় করছেন তিনি।

একসময় প্রেমের গুঞ্জনে বারবার আলোচনায় এলেও, সেই অধ্যায় এখন অতীত। কাজ, পরিবার এবং নতুন সিনেমা নিয়েই এখন ব্যস্ত সময় পার করছেন প্রীতি জিনতা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ