টালিউড সুপারস্টার দেবকে বিয়ে করার পরামর্শ দিয়েছেন ৯২ বছর বয়সী এক প্রতিযোগী। জনপ্রিয় গেম শো ‘দাদাগিরি’র মঞ্চে এমন পরামর্শ পেয়ে লাজুক হাসিতে প্রতিক্রিয়া জানান অভিনেতা। তার সেই মুহূর্তে হাসিতে মেতে ওঠে পুরো স্টুডিও।
জি বাংলার জনপ্রিয় অনুষ্ঠান ‘দাদাগিরি’র সঞ্চালকের দায়িত্বে রয়েছেন দেব। এই অনুষ্ঠানে বিভিন্ন সময় তার ব্যক্তিগত জীবন, বিশেষ করে বিয়ে নিয়ে নানা ধরনের মজার আলোচনা ও খুনসুটি হতে দেখা যায়। এবারও তার ব্যতিক্রম হলো না।
সম্প্রতি প্রচারিত ‘দাদাগিরি’র দম্পতিদের বিশেষ পর্বে অংশ নেন প্রবীণ দম্পতি প্রণব মুখোপাধ্যায় ও কল্যাণী মুখোপাধ্যায়। অনুষ্ঠানে নিজেদের ৬৩ বছরের দাম্পত্য জীবনের নানা অভিজ্ঞতা তুলে ধরেন তারা।
আলাপচারিতার একপর্যায়ে ৯২ বছর বয়সী প্রণব মুখোপাধ্যায় জানান, ১৯৬৩ সালে বিয়ে করেছিলেন তিনি। দীর্ঘ এত বছর পেরিয়ে গেলেও আজও স্ত্রী কল্যাণীর হাত শক্ত করে ধরে রেখেছেন। তার কথায়, সত্যিকারের ভালোবাসা মানে শুধু সুখের সময়ে একসঙ্গে থাকা নয়, বরং জীবনের শেষ দিন পর্যন্ত পরস্পরের পাশে থাকা।
প্রণবের এমন আবেগঘন কথার পরই দেবের দিকে তাকিয়ে তিনি বলেন, ‘তুমি এবার বিয়েটা করে ফেলো।’
৯২ বছর বয়সী এই প্রতিযোগীর এমন সরল ও স্নেহভরা পরামর্শ শুনে মুচকি হাসেন দেব। তার লাজুক অভিব্যক্তি দেখে হেসে ওঠেন অনুষ্ঠানে উপস্থিত সবাই।
দেবের বিয়ে নিয়ে ভক্তদের আগ্রহ অবশ্য নতুন নয়। ‘দাদাগিরি’র মঞ্চেও বিভিন্ন সময় এই প্রসঙ্গ উঠে এসেছে। এর আগে গত সপ্তাহেও একটি ধারাবাহিকের কলাকুশলীরা অনুষ্ঠানে এসে দেবের বিয়ে নিয়ে মজার মন্তব্য করেছিলেন।
এবার ৬৩ বছরের দাম্পত্য জীবনের অভিজ্ঞতা থেকে ৯২ বছর বয়সী প্রণব মুখোপাধ্যায়ের দেওয়া বিয়ের পরামর্শ নতুন করে আলোচনায় এনেছে দেবের ব্যক্তিজীবন। একই সঙ্গে প্রবীণ দম্পতির দীর্ঘ পথচলার গল্পও ছুঁয়ে গেছে দর্শকদের মন।