দেশের জনপ্রিয় ও শক্তিমান অভিনেতা মোশাররফ করিম এবার যুক্ত হলেন নতুন এক ভূমিকায়। ত্রিদেশীয় উদ্যোগে (বাংলাদেশ-ভারত-সিঙ্গাপুর) আয়োজিত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ‘বাভাসি’র ২০২৫-২৬ আসরের প্রধান বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন এই গুণী অভিনেতা।
বিচারকের আসনে বসা মোশাররফ করিমের জন্য এটি একেবারেই নতুন অভিজ্ঞতা। দীর্ঘ অভিনয়জীবনে এই প্রথম তিনি কোনো চলচ্চিত্র উৎসবে বিচারকের দায়িত্ব পেলেন। এ প্রসঙ্গে কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, আমার এত বছরের ক্যারিয়ারে বিচারক হিসেবে এই প্রথম দায়িত্ব পেলাম। এমন গুরুত্বপূর্ণ দায়িত্বে আমাকে যুক্ত করায় আয়োজক কমিটিকে ধন্যবাদ জানাই।
নিজের কাজের প্রতি সবসময়ই আন্তরিক এই অভিনেতা দায়িত্বটির গুরুত্বও তুলে ধরেছেন। তার ভাষায়, বিচারক শব্দটি শুনতে সহজ মনে হলেও দায়িত্বটি মোটেও সহজ নয়। তবে আমি জীবনের প্রতিটি কাজে সেরাটা দেওয়ার চেষ্টা করি, এখানেও তার ব্যতিক্রম হবে না।
বাভাসি চলচ্চিত্র উৎসব সম্পর্কে তিনি বলেন, এটি নতুন নির্মাতা ও শিল্পীদের জন্য অত্যন্ত সম্ভাবনাময় একটি প্ল্যাটফর্ম। যোগ্যতার ভিত্তিতে বিভিন্ন শ্রেণিতে প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করে উৎসবটি ইতোমধ্যে অনন্য ভূমিকা রাখছে। তিনি আরও বলেন, “বাভাসি সত্যিই অসাধারণ একটি প্ল্যাটফর্ম, যেখানে নতুনদের মেধা বিকাশের সুযোগ রয়েছে। এখান থেকে অনেকেই নিজেদের যোগ্যতা প্রমাণ করে মিডিয়ায় সফলভাবে এগিয়ে যাচ্ছেন।
প্রতিবছরের মতো এবারও বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিপুলসংখ্যক চলচ্চিত্র জমা পড়েছে বাভাসি উৎসবে। ২০২৫-২৬ আসরে প্রথম রাউন্ডে মোট ৭৫টি চলচ্চিত্র জমা পড়ে। এর মধ্যে প্রাথমিক বাছাইয়ে নির্বাচিত হয়েছে ৫২টি চলচ্চিত্র। পরবর্তী ধাপগুলো অতিক্রম করে চূড়ান্ত পর্বের জন্য বেছে নেওয়া হবে মাত্র ৭টি চলচ্চিত্র।
নতুন নির্মাতাদের সামনে এগিয়ে নেওয়ার লক্ষ্য নিয়ে আয়োজিত এ উৎসবে প্রধান বিচারক হিসেবে মোশাররফ করিমের অন্তর্ভুক্তি নিঃসন্দেহে উৎসবটির মর্যাদা আরও বাড়াবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।