• শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন

মির্জা ফখরুলের আসনে ভোটের লড়াইয়ে হিরো আলম

ডেস্ক নিউজ / ৫২ পঠিত
আপডেট : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

আবারও রাজনীতির মাঠে নামার ঘোষণা দিয়েছেন আলোচিত-সমালোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ায় তাঁর ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করার সিদ্ধান্ত জানিয়েছেন তিনি।

সংবাদমাধ্যমকে হিরো আলম বলেন, এবার কোনো রাজনৈতিক দলের হয়ে নয়, স্বতন্ত্র প্রার্থী হিসেবেই ভোটের মাঠে নামবেন তিনি। এর আগে সাতক্ষীরার একটি আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছিলেন। তবে মির্জা ফখরুলের আসনটি শূন্য হওয়ার পর সেই সিদ্ধান্ত বদলেছেন তিনি।

হিরো আলমের ভাষ্য, ‘আপনারা জানেন, আমি কিছুদিন আগে সাতক্ষীরার একটি আসন থেকে নির্বাচনের ঘোষণা দিয়েছিলাম। তখন তো আর জানতাম না, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের আসনটি ফাঁকা হবে। জানলে সাতক্ষীরায় প্রার্থী হতাম না। কারণ এলাকার লোকজন বলছেন, আমি বগুড়ার ছেলে, আমি যেন উত্তরাঞ্চলেই থাকি। এই চিন্তা থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের ঠাকুরগাঁও-১ আসনে প্রার্থী হবো।’

নির্বাচনী হিসাবেও আসনটি বেশ গুরুত্বপূর্ণ। ঠাকুরগাঁও-১ আসনে মোট ভোটার ৪ লাখ ৮০ হাজার ৬০৯ জন। এর মধ্যে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটার প্রায় ১ লাখ ১৯ হাজার। পাশাপাশি তরুণ ভোটারের সংখ্যাও উল্লেখযোগ্য, প্রায় ১ লাখ ৯২ হাজার ৫৬৭ জন।

হিরো আলমের ঘোষণার মধ্যেই আসনটিতে বিএনপির মনোনয়ন ঘিরে শুরু হয়েছে আলোচনা। দলটির হয়ে প্রার্থী হওয়ার আগ্রহ রয়েছে মির্জা ফখরুলের মেয়ে শামারুহ মির্জা এবং তাঁর ভাই মির্জা ফয়সাল আমিনের। অন্যদিকে জামায়াতের সম্ভাব্য প্রার্থী হিসেবে রয়েছেন দেলাওয়ার হোসেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি লক্ষাধিক ভোট পেয়েছিলেন।

ফলে মির্জা ফখরুলের ছেড়ে দেওয়া আসনে এবার রাজনৈতিক দলগুলোর সম্ভাব্য প্রার্থী আর হিরো আলমের মতো স্বতন্ত্র প্রার্থীদের লড়াই ঘিরে নতুন করে সরগরম হয়ে উঠতে পারে ঠাকুরগাঁও-১ আসনের রাজনীতি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ