ঢাকাই চলচ্চিত্রের চেয়ে ব্যক্তিগত জীবন, পেশাগত সাফল্য এবং খোলামেলা মন্তব্যের কারণেই বেশি আলোচনায় থাকেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। অভিনয়ের পাশাপাশি তিনি একজন দন্তচিকিৎসক ও সফল উদ্যোক্তা। গ্ল্যামার ও বাস্তব জীবনের ব্যতিক্রমী সমন্বয়ে নিজের আলাদা পরিচয় তৈরি করেছেন তিনি। এবার ঢালিউড সুপারস্টার শাকিব খানকে নিয়ে দেওয়া এক সাক্ষাৎকারের মন্তব্যে নতুন করে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী।
চলচ্চিত্রে কাজের সূত্রে বিভিন্ন সময় নানা তারকার সঙ্গে মিষ্টি জান্নাতের নাম জড়িয়েছে। তাদের মধ্যে অন্যতম শাকিব খান। একসময় এমন গুঞ্জনও ছড়িয়েছিল যে, শাকিব খানের তৃতীয় স্ত্রী হতে যাচ্ছেন মিষ্টি। এরপর থেকেই শাকিবকে ঘিরে তার বিভিন্ন মন্তব্য ও সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট নিয়ে দর্শকদের আগ্রহ বাড়তে থাকে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে মিষ্টি জান্নাত স্পষ্ট ভাষায় বলেন, শাকিব খানের নাম ব্যবহার করে আলোচনায় আসার কোনো ইচ্ছা তার নেই। তিনি বলেন, ‘শাকিব খানকে নিয়ে ভাইরাল হওয়ার বা তার নাম ভাঙিয়ে চলার কোনো ইচ্ছাই আমার নেই। আমি কারও পা ধরে নায়িকা হইনি।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা যায়, বিমানে পাশাপাশি আসনে বসে কোথাও যাচ্ছেন শাকিব খান ও মিষ্টি জান্নাত। ছবিটি নিয়ে নানা জল্পনা তৈরি হলে বিষয়টি নিয়েও মুখ খোলেন তিনি।
মিষ্টির দাবি, ছবিটির পেছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল না। বরং ওই দিন শাকিব খানের বাসায়ও গিয়েছিলেন তিনি। সেই প্রসঙ্গ টেনে অভিনেত্রী বলেন, ওর বাসায় গিয়েছিলাম। পরে ও ওপর থেকে ওর মায়ের রান্না করা খাবার এনে মজা করে বলেছিল, তোমার শাশুড়ি রান্না করে পাঠিয়েছে।
সাক্ষাৎকারে একপর্যায়ে মিষ্টি জান্নাতকে প্রশ্ন করা হয়, যদি শাকিব খান সবকিছু ছেড়ে তার কাছে আসতে চান, তাহলে তার প্রতিক্রিয়া কী হবে? জবাবে তিনি বলেন, ‘শুধু দুই স্ত্রীকে নিয়ে বিষয়টা না। তার তো অনেক গার্লফ্রেন্ডও আছে বলে শুনি। আগে সেগুলো বন্ধ করতে হবে না?
আলোচনার আরেক পর্যায়ে দেশের সবচেয়ে স্টাইলিশ তিন নায়কের নাম জানতে চাইলে মিষ্টি জান্নাত প্রথমেই শাকিব খানের নাম নেন। তবে এ সময় তিনি অকপটে বলেন, এখন শাকিব অনেক স্টাইলিশ। আগে কিন্তু ছিল না, আগে ক্ষ্যাত ছিল। সরি টু সে, শাকিব।
তবে শাকিব খানের বর্তমান পরিবর্তনের প্রশংসাও করেছেন তিনি। মিষ্টির ভাষায়, একজন তারকার সময়ের সঙ্গে নিজেকে বদলে নেওয়া প্রয়োজন। তিনি বলেন, মানুষের পরিবর্তন হওয়া উচিত। একজন সুপারস্টার হিসেবে নিজেকে আরও ভালোভাবে উপস্থাপন করার চেষ্টা করা অবশ্যই প্রশংসনীয়।