• সোমবার, ০১ জুন ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন

মুক্তির আগেই বিতর্কে জর্জরিত রামচরণের ‘পেড্ডি’

ডেস্ক নিউজ / ২৫ পঠিত
আপডেট : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

দক্ষিণী সুপারস্টার রাম চরণ অভিনীত আসন্ন সিনেমা পেড্ডি মুক্তির আগেই একের পর এক বিতর্কে জড়াচ্ছে। সম্প্রতি প্রকাশিত সিনেমাটির গান ‘হাল্লাল্লাল্লো’ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও সমালোচনা।

গানটিতে রামচরণের সঙ্গে দেখা গেছে জাহ্নবী কাপুর ও শ্রুতি হাসান-কে। তবে প্রকাশের পর থেকেই গানের নাচ, কোরিওগ্রাফি ও উপস্থাপন নিয়ে আপত্তি তুলেছেন নেটিজেনদের একাংশ। অনেকের দাবি, গানে অতিরিক্ত গ্ল্যামার ও আবেদনময়ী দৃশ্য ব্যবহার করা হয়েছে, যা কিছু দর্শকের কাছে অশালীন বলেও মনে হয়েছে।

বিশেষ করে দুই অভিনেত্রীর নাচের ভঙ্গি ও ক্যামেরার কিছু অ্যাঙ্গেল নিয়ে চলছে তীব্র সমালোচনা। সামাজিক মাধ্যমে কেউ কেউ মন্তব্য করেছেন, দক্ষিণী সিনেমায় সাম্প্রতিক সময়ে অতিরঞ্জিত গ্ল্যামার নির্ভর গানের প্রবণতা বেড়েছে। তাদের মতে, Pushpa: The Rise-এর সাফল্যের পর থেকেই এই ধরনের উপস্থাপন আরও বেশি জনপ্রিয় হয়ে উঠেছে।

তবে পুরো বিষয়টি নিয়ে দর্শকদের মধ্যে মতভেদও দেখা গেছে। একদল মনে করছেন, বাণিজ্যিক সিনেমায় দর্শকদের বিনোদনের জন্য এ ধরনের গান স্বাভাবিক বিষয়। অন্যদিকে সমালোচকদের ভাষ্য, বিনোদনের নামে অশ্লীলতাকে উৎসাহ দেওয়া উচিত নয়। নির্মাতাদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বানও জানিয়েছেন অনেকে।

এদিকে গানটির কোরিওগ্রাফারকেও ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। সামাজিক মাধ্যমে কয়েকজন নেটিজেন তার বিরুদ্ধে আগে ওঠা যৌন হেনস্থার অভিযোগের প্রসঙ্গ টেনে সমালোচনা করেছেন।

সব মিলিয়ে বিতর্ক যখন তুঙ্গে, তখনই ‘পেড্ডি’র মিউজিক লঞ্চ অনুষ্ঠানে আরেক ঘটনার কারণে আলোচনায় আসেন রামচরণ। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ভারতীয় ক্রিকেটারদের প্রসঙ্গে ভুলবশত ক্রিকেট ও ফুটবল গুলিয়ে ফেলেন তিনি। বিশেষ করে জসপ্রিত বুমরাহ-কে নিয়ে ভুল মন্তব্য করার পর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে অসংখ্য মিম ও ট্রল।

পরবর্তীতে নিজের ভুল স্বীকার করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ক্ষমা চান রামচরণ। তিনি লেখেন, উফ… আমি সত্যিই অনেক সময় নাম ভুলে যাই। জসপ্রিত বুমরাহজির কাছে ভুলের জন্য ক্ষমাপ্রার্থী। এত উত্তেজনা আর ভিড়ের মধ্যে এটা সত্যিই বড় ভুল ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category