কান চলচ্চিত্র উৎসবকে ঘিরে এবারও আলোচনায় বলিউড তারকা আলিয়া ভাট। উৎসবে যোগ দিতে সোমবার সকালে মুম্বাই বিমানবন্দরে দেখা যায় তাকে। বরাবরের মতোই আত্মবিশ্বাসী ও স্টাইলিশ উপস্থিতিতে ক্যামেরার নজর কাড়েন এই অভিনেত্রী। সাদা ট্যাঙ্ক টপ, কালো কোট আর ডেনিম জিনসের ক্যাজুয়াল লুকে ধরা দেন আলিয়া।
জানা গেছে, আন্তর্জাতিক একটি প্রসাধনী প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে এবারের কান উৎসবে অংশ নিচ্ছেন তিনি। বিশ্বের নামকরা তারকাদের সঙ্গে একই মঞ্চে দেখা যাবে আলিয়াকে। কানের লাল গালিচায় তার সঙ্গে থাকবেন হলিউডের বেশ কয়েকজন পরিচিত মুখও।
দ্বিতীয়বারের মতো কানে অংশ নেওয়া নিয়ে বেশ উচ্ছ্বসিত অভিনেত্রী। আলিয়ার ভাষ্য, এই উৎসব শুধু চলচ্চিত্র নয়, নারীদের আত্মবিশ্বাস ও সৃজনশীলতারও উদযাপন। গতবারের অভিজ্ঞতা তার কাছে বিশেষ ছিল বলেও জানান তিনি।
অন্যদিকে কাজের দিক থেকেও ব্যস্ত সময় পার করছেন আলিয়া। মুক্তির অপেক্ষায় রয়েছে তার নতুন সিনেমা ‘আলফা’। পাশাপাশি সঞ্জয় লীলা বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ নিয়েও চলছে প্রস্তুতি।
উল্লেখ্য, এবারের কান চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে আজ থেকে, যা চলবে আগামী ২৩ মে পর্যন্ত। ভারতের হয়ে এবার উৎসবে অংশ নিচ্ছেন ঐশ্বরিয়া রাই বচ্চন, অদিতি রাও হায়দারি এবং প্রথমবারের মতো পার্নো মিত্রও।