আসন্ন পবিত্র ঈদুল আজহায় এটিএন বাংলা-তে প্রচারিত হতে যাচ্ছে নতুন নাটক ‘সুখবিলাস’। পারিবারিক আবেগ, সামাজিক বাস্তবতা এবং মানুষের না-বলা অনুভূতির গল্প নিয়ে নির্মিত এ নাটকটির গল্প ও পরিচালনা করেছেন ইকসান রনি। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন আহমেদ তাওকীর ও ইকসান রনি। টেলিভিশনে প্রচারের পর নাটকটি মুক্তি পাবে গোল্লাছুট ইউটিউব চ্যানেলে।
‘সুখবিলাস’-এর গল্প আবর্তিত হয়েছে আদর্শ শিক্ষক ও স্নেহশীল বাবা সামাদ মাস্টার এবং তার মেয়ে শিউলিকে ঘিরে। ভালোবাসা, পারিবারিক সম্পর্ক, সামাজিক বিচার এবং জীবনের কঠিন বাস্তবতার আবেগঘন উপস্থাপন উঠে এসেছে নাটকটির কাহিনিতে।
নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, মনিরা মিঠু, মারিয়া শান্ত, জুনায়েদ বোগদাদী, অদিতি জামান স্নেহা, শিরিন আলম, আশরাফুল আশীষ, আর সি অরণ্য, কাকন চৌধুরী, পঙ্কজ, রিপন ও মেঘদূত বিপ্লবসহ আরও অনেকে।

নির্মাতা ইকসান রনি ইতোমধ্যেই বাংলাদেশের নাট্যাঙ্গনে একজন সম্ভাবনাময় নির্মাতা হিসেবে পরিচিতি পেয়েছেন। বাস্তবধর্মী ও আবেগনির্ভর গল্প নির্মাণ তার কাজের অন্যতম বৈশিষ্ট্য। তার নির্মিত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে ‘বাবাও মানুষ’, ‘সাঁঝবাতি’, ‘ময়না মতির গল্প’ ও ‘আমিই রেনু’। বিশেষ করে ‘বাবাও মানুষ’ নাটকটি দর্শকমহলে ব্যাপক প্রশংসিত হয়, যেখানে অভিনয় করেছিলেন ফজলুর রহমান বাবু ও তানিয়া বৃষ্টি।
পরিবার, সমাজ ও মানুষের অন্তর্গত অনুভূতিগুলোকে পর্দায় জীবন্তভাবে তুলে ধরার ক্ষেত্রে নির্মাতা ইকসান রনির আলাদা গ্রহণযোগ্যতা রয়েছে দর্শকদের কাছে। সেই ধারাবাহিকতায় ‘সুখবিলাস’ও দর্শকের হৃদয় ছুঁয়ে যাবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা।
নাটকটি প্রসঙ্গে ইকসান রনি বলেন, আমি সবসময় এমন গল্প বলতে ভালোবাসি, যেগুলো সমাজের বাস্তবতা, দায়বদ্ধতা এবং মানুষের জীবনের নানা দিককে তুলে ধরে। গল্পের মাধ্যমে সমাজের প্রতি নিজের দায়িত্ববোধ প্রকাশ করার চেষ্টা করি।