রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তারের নির্মম হত্যাকাণ্ডে দেশজুড়ে তৈরি হয়েছে শোক, ক্ষোভ ও উদ্বেগের পরিবেশ। সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনার দ্রুত ও কঠোর বিচার দাবি করছেন সাধারণ মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, বিশেষ করে শোবিজ অঙ্গনের তারকারাও।
এই ঘটনায় গভীর আবেগ প্রকাশ করেছেন ছোটপর্দার অভিনেত্রী প্রিয়ন্তি উর্বী। ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি তুলে ধরেন নিজের শৈশবের একটি কষ্টদায়ক অভিজ্ঞতা, যা আজও তাকে মানসিকভাবে নাড়া দেয়। তিনি লেখেন, কিছু অভিজ্ঞতা মানুষ ভুলে যায় না, বরং সময়ের সঙ্গে সঙ্গে তা চুপচাপ সহ্য করতে শিখে যায়। নিজের জীবনের প্রসঙ্গে তিনি জানান, ছোটবেলায় এমন এক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন, যা তখন পুরোপুরি বোঝার মতো বয়স ছিল না, কিন্তু ভেতরে গভীর অস্বস্তি তৈরি করেছিল।

শিশু নির্যাতনের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেন, এমন ঘটনার বিচার কঠোর হওয়া উচিত, কারণ এতে শুধু একজন মানুষ নয়, একটি শিশুর নিরাপত্তাবোধ, বিশ্বাস আর শৈশবও ভেঙে যায়। তার মতে, এসব অপরাধের উপযুক্ত শাস্তি না হলে সমাজে এর পুনরাবৃত্তি বন্ধ করা কঠিন।
পোস্টের শেষ অংশে তিনি বাবার স্মৃতিও তুলে ধরেন। ব্যক্তিগত আবেগের জায়গা থেকে তিনি জানান, ব্যস্ততার মাঝেও কখনো কখনো এমন এক নিঃসঙ্গতার অনুভূতি আসে, যেখানে কিছু সময়ের জন্য সবকিছু থেকে দূরে চলে যেতে ইচ্ছে করে।