• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন

হাসপাতালে নয়, রক্তাক্ত শরীর নিয়েই ছেলের কাছে ছুটে যান তৌসিফের মা

ডেস্ক নিউজ / ৩১ পঠিত
আপডেট : সোমবার, ১১ মে, ২০২৬

মা দিবসে আবেগঘন এক স্মৃতিচারণ করে হৃদয় ছুঁয়ে গেলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব। সামাজিক মাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে শৈশবের ভয়াবহ এক অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন তিনি, যেখানে মায়ের নিঃস্বার্থ ভালোবাসা আর ত্যাগের এক অবিশ্বাস্য ছবি ফুটে উঠেছে।

তৌসিফ জানান, ঘটনাটি ১৯৯৮ কিংবা ১৯৯৯ সালের শীতের এক সন্ধ্যার। তখন তিনি অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র। প্রতিদিনের মতো সেদিনও স্কুল ছুটির পর বাবার বা খালুর আসার অপেক্ষায় ছিলেন। কিন্তু সন্ধ্যা গড়িয়ে গেলেও কেউ না আসায় একা স্কুলের দারোয়ানের রুমে বসে ছিলেন ছোট্ট তৌসিফ।

হঠাৎ একটি রিকশার বেলের শব্দ। দারোয়ান এসে জানালেন, তার মা তাকে নিতে এসেছেন। মাকে দেখে অভিমান আর রাগে ক্ষুব্ধ হয়ে ওঠেন তিনি। কিন্তু পরের মুহূর্তেই জানতে পারেন, পথে ছিনতাইকারীদের হামলার শিকার হয়েছেন তার মা। রিকশাচালক তখন তাকে থামিয়ে বলেছিলেন, তোমার মায়ের পেটে ছুরি মেরে সবকিছু নিয়ে গেছে।

রক্তাক্ত অবস্থায়ও হাসপাতালে না গিয়ে ছেলের চিন্তায় স্কুলে ছুটে আসেন সেই মা। কারণ, তার একটাই ভাবনা ছিল— “আমার ছেলে এতক্ষণ একা কীভাবে থাকবে!

সেই মুহূর্তের কথা স্মরণ করে তৌসিফ বলেন, মায়ের সেই ত্যাগের কথা ভাবলে আজও তিনি স্তব্ধ হয়ে যান। নিজের জীবনের প্রতিটি অর্জনের পেছনে মায়ের অক্লান্ত পরিশ্রম ও ভালোবাসার অবদান রয়েছে বলেও উল্লেখ করেন এই অভিনেতা।

তিনি লেখেন, আমার মা’র কারণেই আজকের আমি। কীভাবে তার ঋণ শোধ করবো জানি না, তবে এটুকু জানি— আমি আমার মা’কে ভীষণ ভালোবাসি।

মা দিবসে পৃথিবীর সব মায়ের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তৌসিফ মাহবুব সকল মায়ের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন। একইসঙ্গে যারা পৃথিবী ছেড়ে চলে গেছেন, তাদের আত্মার মাগফিরাতও কামনা করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category