ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল নিজের অভিনয়, ব্যক্তিগত ভাবনা এবং সম্পর্কের দৃষ্টিভঙ্গি নিয়ে বরাবরই খোলামেলা। সম্প্রতি একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নিয়ে ক্যারিয়ার, ভাইরাল সংস্কৃতি, অভিনয়ের চ্যালেঞ্জ এবং ব্যক্তিগত জীবন নিয়ে নানা বিষয়ে কথা বলেন তিনি।
বর্তমান সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়াকে অনেকেই সাফল্যের মাপকাঠি হিসেবে দেখলেও কেয়া পায়েলের ভাবনা ভিন্ন। তার মতে, ক্ষণিকের আলোচনার চেয়ে একজন শিল্পীর জন্য দীর্ঘমেয়াদি সম্মান অনেক বেশি গুরুত্বপূর্ণ।
এই অভিনেত্রী বলেন, ভাইরাল হওয়া নিয়ে আমি খুব বেশি ভাবি না। আমি চাই মানুষ আমাকে আমার কাজ দিয়ে মনে রাখুক। মনোযোগ দিয়ে কাজ করেছি, সেই কাজের স্বীকৃতি পাওয়াটা আলাদা এক ভালো লাগা। একজন শিল্পীর কাছে সবচেয়ে বড় বিষয় হলো দর্শকের সম্মান অর্জন করা। আমি এমনভাবে হারিয়ে যেতে চাই না যে মানুষ আমাকে ভুলে যাবে। সম্মান নিয়েই বেঁচে থাকতে চাই।
নিজেকে ভিন্নভাবে উপস্থাপন করতেও সবসময় আগ্রহী কেয়া। সম্প্রতি তিনি পাগল এবং সমাজের চোখে ‘অসুন্দর’ এক মেয়ের চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন। তবে তার কাছে সবচেয়ে কাছের চরিত্র ‘এটা আমাদেরই গল্প’ নাটকের মেহেরিন।
এই নাটকের একটি আবেগঘন মৃত্যু দৃশ্যের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে কেয়া বলেন, দৃশ্যটা করার সময় পুরো সেটটাই যেন অন্যরকম হয়ে গিয়েছিল। কেউ কারও সঙ্গে তেমন কথা বলিনি। একটা ভারী অনুভূতি কাজ করছিল সবার মধ্যে। মৃত্যু যে কতটা বাস্তব আর অনিবার্য, সেটা আমরা খুব গভীরভাবে অনুভব করেছি। বিশেষ করে প্রিয়জন হারানোর পর মানুষের ভেতরের শূন্যতাটা।
সাক্ষাৎকারের একপর্যায়ে ব্যক্তিগত সম্পর্ক নিয়েও কথা বলেন এই অভিনেত্রী। সাবেক প্রেম ও বর্তমান জীবনসঙ্গী প্রসঙ্গে কেয়া পায়েল বলেন, “আমার কাছে সবচেয়ে প্রিয় আমি নিজে। আর এক্স তো এক্সই। জীবনের একটা সময় তাদের প্রতি ভালোবাসা ছিল। সত্যিকারের ভালোবাসা থাকলে সেটা পুরোপুরি কখনো শেষ হয় না। একধরনের অনুভূতি হয়তো থেকে যায়। তবে আমার বর্তমান জীবনসঙ্গী, আমার স্বামীই এখন আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ।