নন্দিত অভিনেতা ও নির্দেশক আশীষ খন্দকার আবারও আলোচনায়, তবে এবার কোনো অভিনয় বা চলচ্চিত্র নয়—শিল্পচর্চা নিয়ে তাঁর ভাবনা ঘিরেই তৈরি হয়েছে নতুন আলোচনা। সমাজ, সংস্কৃতি আর মানুষের অন্তর্লোক নিয়ে লেখালেখির জন্য পরিচিত এই গুণী শিল্পী সম্প্রতি নিজের ফেসবুক স্ট্যাটাসে শিল্পের বর্তমান প্রবণতা ও ভবিষ্যৎ নিয়ে খোলামেলা মত প্রকাশ করেছেন।
তিনি মনে করেন, চারপাশে চোখ-কান খোলা রাখলেই বোঝা যায়—শিল্পের প্রায় সব শাখায় এক ধরনের পুনর্নির্মাণের ঢেউ বইছে। তাঁর ভাষায়, আজকের শিল্পী যেন ‘পথহারা চাতক’, আর এই পুনর্নির্মাণই তাদের নতুন করে পথ খুঁজে পাওয়ার এক প্রয়াস। পুরনো কাঠামো ভেঙে নতুন কিছু তৈরির এই প্রবণতাকে তিনি সময়ের দাবি বলেই মনে করেন।
নতুন প্রজন্মের শিল্পীদের উদ্দেশে তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন—পুরনো ব্যাকরণ আঁকড়ে ধরে থাকলে চলবে না। বরং সৃষ্টির নতুন উন্মাদনায় নিজেকে ভাসিয়ে দিতে হবে। শিল্পের প্রতিটি শাখাকে নতুন আঙ্গিকে তুলে ধরার মধ্য দিয়েই সামনে এগোনোর আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, ২০২৩ সালে অ্যাডভেঞ্চার অব সুন্দরবন চলচ্চিত্রে অভিনয়ের জন্য খলচরিত্রে সেরা অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন আশীষ খন্দকার। অভিনয়ের পাশাপাশি নির্দেশনা, নাট্যরচনা ও অনুবাদেও তিনি সমানভাবে সক্রিয়।
এদিকে, তরুণ নির্মাতা সোহেল রানা বয়াতি নির্মাণ করতে যাচ্ছেন নতুন চলচ্চিত্র ‘একটি কালো ঘোড়া (দ্য স্পিরিচ্যুয়াল ব্ল্যাক হর্স)’, যেখানে এককভাবে অভিনয় করবেন আশীষ খন্দকার। একটি কালো ঘোড়াকে কেন্দ্র করে মানুষের জীবন, সংগ্রাম ও সম্পর্কের গল্প নিয়ে নির্মিত হতে যাওয়া এই চলচ্চিত্রটি বর্তমানে প্রি-প্রোডাকশনে রয়েছে। বছরের শেষ দিকে এর শুটিং শুরু হওয়ার কথা।
চলচ্চিত্রটি নিয়ে আশাবাদী আশীষ খন্দকার। তাঁর বিশ্বাস, এটি একটি নিরীক্ষাধর্মী কাজ হিসেবে দেশ-বিদেশের দর্শকদের মনে আলাদা ছাপ ফেলতে সক্ষম হবে।