ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী পরী মণির জীবনে এখন সবচেয়ে বড় জায়গা জুড়ে আছে তার ছোট্ট সংসার আর সন্তানরা। সেই সংসারের এক বিশেষ দিন ছিল তার দত্তক কন্যা প্রিয়মের জন্মদিন। দিনটি ঘিরে ছোট পরিসরে আয়োজন করলেও সেখানে ছিল ভালোবাসা, আবেগ আর মমতার গভীর ছোঁয়া।
জন্মদিনের মুহূর্তগুলো পরী মণি শেয়ার করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। একগুচ্ছ ছবিতে উঠে এসেছে মা–মেয়ের ঘনিষ্ঠ সময়, হাসি আর নির্ভেজাল আনন্দের দৃশ্য। নীল-সাদা বেলুনে সাজানো ব্যাকড্রপ, সামনে থিম কেক আর কোলে সন্তানকে নিয়ে পরী মণির উপস্থিতি পুরো আয়োজনকে করে তুলেছে আরও হৃদয়ছোঁয়া।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লেখেন, আমার মা, আমার ছোট্ট রঙিন প্রজাপতি। আমার বাচ্চা আম্মু তোমাকে অনেক ভালোবাসি। হ্যাপি বার্থডে আমার পুতুল।
তার এই ভালোবাসাময় বার্তা ইতিমধ্যেই নেটিজেনদের মন ছুঁয়ে গেছে। ছবিগুলো প্রকাশের পর থেকেই প্রিয়মকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন ভক্ত ও অনুরাগীরা।
ব্যস্ত শুটিং শিডিউলের মাঝেও সন্তানদের সময় দেওয়াকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন পরী মণি। ছেলে পুণ্য আর কন্যা প্রিয়মকে ঘিরেই তার প্রতিদিনের জীবন এখন আরও বেশি রঙিন, আরও বেশি পরিপূর্ণ।