ঈদুল আজহা উপলক্ষে নির্মিত হয়েছে একক নাটক ‘হিয়ার মাঝে’। সজল আহমেদের রচনায় নাটকটি পরিচালনা করেছেন আনিসুর রহমান রাজীব। এতে বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন লামিমা লাম, সুদীপ বিশ্বাস দীপ ও সঞ্জয় রাজসহ আরও অনেকে।
সম্প্রতি রাজধানীর ৩০০ ফিট এলাকা এবং ডাক্তার বাড়ি-২ লোকেশনে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। পুরো কাজটি শেষ হয়েছে ঈদকে কেন্দ্র করে দর্শকদের জন্য একটি মানসম্মত প্রজেক্ট উপহার দেওয়ার লক্ষ্যেই। নাটকটি আসন্ন ঈদুল আজহায় বেসরকারি টেলিভিশন চ্যানেল এসএ টিভিতে প্রচারিত হবে। এর মার্কেটিং পার্টনার হিসেবে রয়েছে এসকে মিডিয়া পিআর।
নাটকটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অভিনয়শিল্পীরাও।
অভিনেত্রী লামিমা লাম বলেন, নাটকটির প্রতিটি দৃশ্যে আমরা সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি। সহশিল্পী দীপের সঙ্গে এটি তার প্রথম কাজ হলেও কাজের পরিবেশ ছিল খুবই স্বচ্ছন্দ। পরিচালক আনিসুর রহমান রাজীবের সঙ্গে আগেও কাজ করার অভিজ্ঞতা থাকায় পুরো প্রজেক্টটি সহজভাবে শেষ করা গেছে। তার বিশ্বাস, দর্শকরা নাটকটি উপভোগ করবেন।
অন্যদিকে সুদীপ বিশ্বাস দীপ জানান, শুটিং অভিজ্ঞতা ছিল দারুণ। প্রথমবারের মতো লামিমা লামের সঙ্গে কাজ করলেও তাদের পারস্পরিক বোঝাপড়া ভালো ছিল, যা পর্দায়ও প্রভাব ফেলবে বলে তিনি মনে করেন। ঈদে টেলিভিশনের পাশাপাশি ইউটিউবেও দর্শকরা নাটকটি দেখতে পারবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।
অভিনেতা সঞ্জয় রাজ নাটকটি নিয়ে বলেন, সজল আহমেদের লেখা গল্পটি তার কাছে বেশ ভালো লেগেছে। দীর্ঘ প্রায় তিন দশকের অভিনয় জীবনে তিনি নানা ধরনের চরিত্রে কাজ করেছেন। বর্তমানে তিনি নিয়মিত নেগেটিভ চরিত্রে অভিনয় করছেন, আর এই নাটকে তাকে ভিন্নধর্মী একটি চরিত্রে দেখা যাবে। নতুন এই উপস্থাপন দর্শকদের ভালো লাগবে বলেই তার বিশ্বাস।