• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন

‘এটা আমাদেরই গল্প’-এর শেষ পর্বে চমক, থাকছেন আরফিন রুমি-দোলা

ডেস্ক নিউজ / ২৭ পঠিত
আপডেট : সোমবার, ৪ মে, ২০২৬

দর্শকপ্রিয় পারিবারিক সিরিজ ‘এটা আমাদেরই গল্প’ শেষ হতে যাচ্ছে বিশেষ চমক নিয়ে। নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ জানিয়েছেন, সিরিজটির মেগা এপিসোড (৫২তম পর্ব) হবে প্রায় ৯২ মিনিটের, যা মূলত শেষ পর্ব হিসেবেই প্রচারিত হবে।

শেষ পর্বকে আরও আকর্ষণীয় করতে যুক্ত হয়েছেন সংগীতশিল্পী আরফিন রুমি ও দোলা রহমান। তারা নিজেদের পরিচিত সত্ত্বাতেই পর্দায় হাজির হবেন। জানা গেছে, সিরিজটির জনপ্রিয় টাইটেল গানটি তারা একটি দৃশ্যে পরিবেশন করতে পারেন, যা দর্শকদের জন্য বাড়তি আকর্ষণ হয়ে উঠবে।

উল্লেখ্য, ‘এটা আমাদেরই গল্প’-এর টাইটেল গানটি সুর ও কণ্ঠ দিয়েছেন আরফিন রুমি, সঙ্গে ছিলেন দোলা রহমান। গানটির কথা লিখেছেন মাহমুদ মানজুর। সেই সূত্র ধরেই নির্মাতা তাদের এই বিশেষ উপস্থিতি রেখেছেন শেষ পর্বে।

প্রচারসূচিতে কিছু পরিবর্তনও এসেছে। নির্মাতার পক্ষ থেকে জানানো হয়েছে, ৫১তম পর্ব নির্ধারিত দিনের পরিবর্তে আগামী ৭ মে দুপুর ১২টায় প্রকাশ পাবে। আর বহুল প্রতীক্ষিত মেগা এপিসোডটি প্রচারিত হবে ৮ মে বিকেল ৩টায়।

গত বছরের ৫ নভেম্বর থেকে চ্যানেল আইয়ে নিয়মিত প্রচার শুরু হওয়া এই সিরিজটি অল্প সময়েই দর্শকদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা পায়। টেলিভিশনের পাশাপাশি ইউটিউবেও প্রতিটি পর্ব প্রকাশিত হয়ে দেশ-বিদেশের দর্শকের প্রশংসা কুড়িয়েছে। বিশেষ করে ৫০তম পর্ব দ্রুত কোটি ভিউ অতিক্রম করে নতুন রেকর্ড গড়ে।

গল্পে ফাহাদ, সামির, মেহরীন, সায়রা ও তাদের পরিবারের সম্পর্ক, টানাপোড়েন আর আবেগঘন মুহূর্তগুলো দর্শকদের সঙ্গে গভীরভাবে সংযোগ তৈরি করেছে। পারিবারিক গল্প হলেও নির্মাণশৈলী ও উপস্থাপনায় ছিল ভিন্নতা, যা সিরিজটিকে আলাদা করে তুলেছে।

পাকিস্তানি সিরিয়াল ‘কাভি মে কাভি তুম’ থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হলেও, পুরো গল্পটি বাংলাদেশি পারিবারিক প্রেক্ষাপটে সাজানো হয়েছে। তাই দর্শকেরা সহজেই নিজেদের জীবনের প্রতিফলন খুঁজে পেয়েছেন এই সিরিজে।

‘এটা আমাদেরই গল্প’-এ অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, খায়রুল বাসার, কেয়া পায়েল, সুনেরাহ বিনতে কামালসহ আরও অনেকে। সব মিলিয়ে গল্প, অভিনয় এবং নির্মাণের সমন্বয়ে সিরিজটি পেয়েছে অভূতপূর্ব সাফল্য। এখন শেষ পর্বে কী চমক অপেক্ষা করছে, সেটাই দেখার অপেক্ষা দর্শকদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category