মডেলিং ও অভিনয়কে কেন্দ্র করে আট বছর ধরে মিডিয়া অঙ্গনে কাজ করছেন ফ্লাভিয়া ইসলাম। পথচলায় এসেছে নানা চ্যালেঞ্জ, তৈরি হয়েছে নতুন অভিজ্ঞতা। তবে থেমে যাওয়ার কথা ভাবছেন না তিনি। বরং দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক মডেলিং অঙ্গনে নিজের অবস্থান তৈরি করা এবং বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করাই এখন তাঁর অন্যতম লক্ষ্য।
ঢাকাভিত্তিক এই মিডিয়া ব্যক্তিত্ব ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেছেন। তাঁর রয়েছে ভারতীয় শিকড়। মডেলিং ও অভিনয়ের পাশাপাশি ইভেন্ট উপস্থাপনা, ডিজে পারফরম্যান্স এবং বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডেও আগ্রহী তিনি। বহুমুখী এসব আগ্রহের মধ্য দিয়ে নিজের পেশাগত পরিচয়কে আরও বিস্তৃত করতে চান ফ্লাভিয়া। আন্তর্জাতিক মানের মডেল হিসেবে প্রতিষ্ঠা পাওয়ার পাশাপাশি অভিনয়শিল্পী হিসেবেও নিয়মিত কাজ করার পরিকল্পনা রয়েছে তাঁর।
নিজের দক্ষতা ও যোগ্যতা তুলে ধরতে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়েছেন ফ্লাভিয়া। ২০২২ সালে ‘মিস ফটোজেনিক’ প্রতিযোগিতায় সেরা পাঁচে জায়গা করে নেন তিনি। পরে ২০২৫ সালে অর্জন করেন ‘বেস্ট ইনফ্লুয়েন্সার অ্যাওয়ার্ড ২০২৫’। তাঁর মতে, এ ধরনের অভিজ্ঞতা আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগায়।
সৃজনশীল কর্মকাণ্ডের সঙ্গে ফ্লাভিয়ার পরিচয় অবশ্য আরও আগে থেকে। ছোটবেলায় বিতর্ক ও সাংস্কৃতিক চর্চার প্রতি আগ্রহ ছিল তাঁর। বিভিন্ন বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিয়ে পুরস্কারও পেয়েছেন। বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টস (বাফা) থেকে নৃত্যশিক্ষা গ্রহণ করেছেন তিনি। চিত্রকলায় প্রশিক্ষণ ও সার্টিফিকেশন নেওয়ার পাশাপাশি গ্রাফিক ডিজাইনসহ বিভিন্ন সৃজনশীল বিষয়েও আগ্রহ রয়েছে তাঁর। এসব অভিজ্ঞতা মডেলিং ও অভিনয়ের বাইরে নিজেকে ভিন্নভাবে বিকশিত করার সুযোগ তৈরি করেছে।
অভিনয়েও কাজের অভিজ্ঞতা রয়েছে ফ্লাভিয়ার। দীপ্ত টিভিতে প্রচারিত ওয়েব সিরিজ ‘দ্য ক্রিমিনালস’-এ অভিনয় করেছেন তিনি। ভবিষ্যতে অভিনয়ে আরও নিয়মিত হওয়ার পাশাপাশি মডেলিংয়েও কাজের পরিধি বাড়াতে চান এই তরুণী।
তবে দীর্ঘ আট বছরের এই পথচলা তাঁর জন্য সব সময় মসৃণ ছিল না। নানা বাধা ও অনিশ্চয়তার মধ্যেও নিজের লক্ষ্য ধরে রাখার চেষ্টা করেছেন তিনি। ফ্লাভিয়ার বিশ্বাস, প্রতিভা থাকলেই সাফল্য আসে না; এর সঙ্গে প্রয়োজন কঠোর পরিশ্রম, ধৈর্য ও আত্মবিশ্বাস।
ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ফ্লাভিয়ার স্বপ্ন আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতায় বিজয়ী হওয়া এবং বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা। একই সঙ্গে আন্তর্জাতিক মডেলিং জগতে নিজের জন্য শক্ত অবস্থান তৈরি করতে চান তিনি। তাঁর প্রত্যয়, এতটাই পরিশ্রম করো, যেন একদিন কেউ তোমার প্রতিভাকে উপেক্ষা করতে না পারে।
দীর্ঘদিনের অভিজ্ঞতা ও সৃজনশীলতার চর্চাকে পুঁজি করে নতুন সম্ভাবনার দিকে এগোতে চান ফ্লাভিয়া ইসলাম। আন্তর্জাতিক মডেলিং ও অভিনয় অঙ্গনে নিজের প্রতিভা তুলে ধরার মধ্য দিয়ে স্বপ্ন পূরণের পথ তৈরি করাই এখন তাঁর লক্ষ্য।