• শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন

প্রতিশোধের অন্ধকারে নাজিফা তুষি, আসছে ‘অ্যানি’

এম.আর.জে শান্ত / ২৯ পঠিত
আপডেট : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

এক ভয়াবহ হামলার পর বদলে যায় এক তরুণ নার্সের জীবন। নিজের পাঁচ ভাইবোনকে আগলে রাখা সেই নারী একসময় এমন এক অন্ধকারের মুখোমুখি হন, যেখানে প্রতিশোধই হয়ে ওঠে তার একমাত্র লক্ষ্য। এমনই ভিন্নধর্মী চরিত্রে এবার পর্দায় হাজির হচ্ছেন নাজিফা তুষি। তার অভিনীত মিনি সিরিজ ‘অ্যানি’ শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে।

সিরিজটিতে তুষিকে দেখা যাবে ‘অ্যানি’ চরিত্রে। প্রকাশিত ট্রেলারে উঠে এসেছে তার জীবনের সংগ্রাম, ভয়াবহ হামলার পর মানসিক পরিবর্তন এবং প্রতিশোধের পথে এগিয়ে যাওয়ার গল্প। চরিত্রটির মধ্য দিয়ে একজন নারীর ভেতরে জমে থাকা ক্ষোভ, ঘৃণা ও বেদনার অন্ধকার দিকটি তুলে ধরা হয়েছে।

‘অ্যানি’ নির্মাণ করেছেন ‘লাইভ ফ্রম ঢাকা’ ও ‘রেহানা মরিয়ম নূর’-খ্যাত নির্মাতা আবদুল্লাহ মোহাম্মাদ সাদ। দীর্ঘ পাঁচ বছর পর নতুন কোনো কাজ নিয়ে ফিরলেও এবার তিনি সিনেমার বদলে প্রথমবারের মতো মিনি সিরিজ নির্মাণ করেছেন।

গত জুনে জার্মানির সেরিয়েনক্যাম্প ফেস্টিভ্যালে ‘উইমেন ইন সিরিজ’ বিভাগে ‘অ্যানি’র বিশ্ব প্রিমিয়ার হয়। আন্তর্জাতিক উৎসবের পর এবার দেশের দর্শকদের সামনে আসছে সিরিজটি। তবে আইস্ক্রিনে মুক্তির নির্দিষ্ট তারিখ এখনো জানানো হয়নি।

নাজিফা তুষির সঙ্গে ‘অ্যানি’তে অভিনয় করেছেন ইয়াশ রোহান, সাইমন সাদিক, সারিকা সাবরিন, ফারহানা মিঠু, নাজাহসহ আরও অনেকে। মেট্রোভিডিও, ক্যাটালগ, জিরেল ও অডেশাস অরিজিনালসের ব্যানারে সিরিজটির প্রযোজনা করেছেন এহসানুল হক বাবু।

সিরিজটি প্রসঙ্গে প্রযোজক এহসানুল হক বাবু বলেন, আন্তর্জাতিক উৎসবে প্রদর্শনের পর দেশের দর্শকদের কাছে ‘অ্যানি’ পৌঁছে দিতে পেরে তারা আনন্দিত। গল্প, নির্মাণশৈলী ও অভিনয়ে দর্শক ভিন্ন ধরনের অভিজ্ঞতা পাবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।

অন্যদিকে আবদুল্লাহ মোহাম্মাদ সাদ ২০১৬ সালে ‘লাইভ ফ্রম ঢাকা’ দিয়ে আলোচনায় আসেন। ২০২১ সালে তার ‘রেহানা মরিয়ম নূর’ কান চলচ্চিত্র উৎসবের ‘আঁ সার্তে রিগা’ বিভাগে নির্বাচিত হয়ে বাংলাদেশের চলচ্চিত্রে নতুন ইতিহাস গড়ে। সেই সাফল্যের পাঁচ বছর পর তার নির্মাণে আসছে ‘অ্যানি’। আর এবার সেই গল্পের কেন্দ্রীয় মুখ নাজিফা তুষি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ